মঙ্গা নেই, তবে কাজের অভাব আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার সকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের কর্মী রাইসুল ইসলামের সঙ্গে আলাপ: ‘পঞ্চগড়ের সমস্যাগুলো কী?’
‘সমস্যা বলতে তেমন কোনো সমস্যা নাই, আমরা খুব ভালো আছি।’
‘কোনোই সমস্যা নাই, এটা তো হতে পারে না। কিছু সমস্যা খুঁজে পাওয়ার চেষ্টা করেন তো।’
‘আসলেই তেমন কোনো সমস্যা নাই। এখানকার মানুষ খুব সহজ-সরল, শান্তশিষ্ট এলাকা। মারামারি-কাটাকাটি নাই। ছয়-সাত বছর আগে টেন্ডারবাজি নিয়ে মারামারিতে একটা ছেলে মারা গেছে। এটাই এ অঞ্চলে গত বিশ-বাইশ বছরের মধ্যে একমাত্র মার্ডার।’
সমস্যা বলতে তিনি শুধু শান্তিশৃঙ্খলার অভাবই ধরে নিয়েছেন এবং সত্যিই তেমন সমস্যা যে পঞ্চগড়ে প্রকট নয়, তা বোঝা গেল দেড় দিন ধরে এখানকার নানা শ্রেণি-পেশার ডজন দুয়েক মানুষের সঙ্গে কথা বলে। সোমবার দুপুরে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) গিয়াস উদ্দিন আহমেদ বললেন, তিনি এখানে এসেছেন গত জুন মাসে। এই তিন মাসে পঞ্চগড়ে একটিও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। ডাকাতি নেই, তবে কিছু ছিঁচকে চুরির ঘটনা ঘটে। নারী নির্যাতনসংক্রান্ত অভিযোগে মামলাও হয়, আর গ্রামাঞ্চলে ভূমিবিরোধ নিয়ে মারামারি করে লোকজন থানায় মামলা করতে আসে। এসপি বললেন, অপরাধবৃত্তির মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার ও ব্যবসা সবচেয়ে বেশি। তবে তা দমনের উদ্দেশ্যে প্রবল পুলিশি অভিযান চালানো হচ্ছে। গত তিন মাসে ১৮০টির বেশি অভিযান চালিয়ে পুলিশ তিন শতাধিক মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সেদিন সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামও বললেন, পঞ্চগড়ে মাদক সেবনের প্রবণতা ব্যাপক। এটা বন্ধ করার জন্য তিনি ঘোষণা করেছেন, তাঁর পৌর এলাকার মধ্যে যদি কেউ মাদকদ্রব্যসহ কাউকে ধরিয়ে দিতে পারে, তাহলে তিনি তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন। মেয়র আরও বললেন, পঞ্চগড়ের প্রধান সমস্যা কর্মসংস্থানের অভাব। বিপুলসংখ্যক মানুষ দরিদ্র, তাদের অধিকাংশই ভূমিহীন খেতমজুর। কৃষিজমিতে যখন কাজ থাকে না, তখন এই মানুষগুলো বেকার বসে থাকে। তখন তাদের খুব কষ্ট হয়। জানতে চাইলাম, তখন কি তারা অনাহারে থাকে? তিনি বললেন, ‘সারা দিন অনাহারে থাকে এমন মানুষ অবশ্য নাই।’ মেয়র আরও বললেন, ভূমিহীন মানুষের সংখ্যা বেশি। যাদের অল্পস্বল্প কিছু জমি আছে, তারাও ভূমিহীন হয়ে যাচ্ছে। চায়ের চাষ ও পর্যটনশিল্প প্রসারের সঙ্গে সঙ্গে ভূমিহীনের সংখ্যা আরও বাড়ছে।
সোমবার রাতে পঞ্চগড় নাগরিক কমিটির সভাপতি বশিরুল আলম প্রধান বললেন, পঞ্চগড়ের মানুষ গরিব, কিন্তু তারা অসুখী নয়, কারণ তাদের চাহিদা খুব কম। আগে তারা আরও বেশি গরিব ছিল, অনেকেই দুবেলা খেতে পেত না। এখন তাদের অনাহার দূর হয়েছে, আয়ও কিছুটা বেড়েছে। কৃষিকাজে বৈচিত্র্য এসেছে, পঞ্চগড়ে এখন প্রচুর টমেটো ও তরমুজ আবাদ হয়। অন্যান্য সবজির চাষও অনেক বেড়েছে। তাঁর দুঃখ, ঢাকার সঙ্গে পঞ্চগড়ের যোগাযোগব্যবস্থা খুবই খারাপ। তিনি এখান থেকে আন্তনগর ট্রেনে ঢাকায় যাওয়ার ব্যবস্থা চান। নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার বললেন, পঞ্চগড়ে চিকিৎসাসুবিধা খুবই সীমিত। অসুখ-বিসুখ হলেই এখানকার লোকজনকে রংপুর-দিনাজপুরে যেতে হয়। পঞ্চগড় সদর হাসপাতালে আরও অনেক ডাক্তার দরকার। এখানে উচ্চশিক্ষার জন্যও কোনো ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
উচ্চশিক্ষা–প্রতিষ্ঠানের অভাবের চেয়ে শিক্ষকসংকটের ওপর বেশি গুরুত্ব দিলেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান মো. তৌহিদুল বারী। বললেন, ‘আমরা কলেজে অনার্স খুলেছি, কিন্তু উপযুক্ত শিক্ষক নাই। শিক্ষকের অভাবে তো ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। শিক্ষক নাই, ডাক্তার নাই, বিনোদনের ব্যবস্থা নাই, একটা শিশুপার্ক পর্যন্ত নাই! আজ পর্যন্ত একটা আন্তনগর ট্রেন এল না, লোকাল ট্রেন কখন আসে কখন যায়, তার কোনো ঠিকঠিকানা নাই।’ তিনি সবচেয়ে বেশি জোর দিলেন বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন-ব্যবস্থা চালু করার ওপর। বললেন, ‘এই পথ দিয়ে মালামাল যায়, কিন্তু মানুষ পার হতে পারে না—এটা যে কত বড় দুঃখ!’
পঞ্চগড়ে এসে শিক্ষিত মধ্যবিত্ত যত মানুষের সঙ্গে কথা বলেছি, তাঁদের প্রত্যেকেই কথাবার্তার কোনো না কোনো পর্যায়ে বাংলাবান্ধায় ইমিগ্রেশন-ব্যবস্থা চালু করার দাবিটা আমাকে লিখতে বলেছেন। কেউ কেউ বলেছেন, এটা তাঁদের এক নম্বর প্রাণের দাবি। আরেকটা বড় দাবি হলো বাইপাস সড়ক। কারণ, সড়ক ও জনপথ বিভাগের একটি মাত্র মহাসড়ক চলে গেছে এই শহরের বুকের ওপর দিয়ে। মেয়রের বক্তব্য অনুযায়ী, এই সড়কে প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ পণ্যবাহী ভারী ট্রাক চলাচল করে। ট্রাকচাপা পড়ে অনেক মানুষ মারা যায়।
শিক্ষিত, সচ্ছল নাগরিক কিংবা সরকারের বিভিন্ন পদে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের যে ছবি পাওয়া গেল, ঢাকায় বসে কাগজপত্র ঘেঁটে কিংবা টেলিফোনে আলাপ করেও সম্ভবত তার কিছুটা পাওয়া যেত। কিন্তু সাতসকালে ভাতের হোটেলে, হাসপাতালে, রাস্তার মোড়ে, মার্কেটের বারান্দায়, ভীষণ ঘনবদ্ধ এক বস্তিতে, চার-পাঁচ কিলোমিটার দূরের এক অজপাড়াগাঁয়ের পুকুরপাড়ে ও বাড়ির আঙিনায় প্রান্তবর্তী যেসব মানুষের সঙ্গে দেখা ও কথা হলো, তাঁদের কাছে পাওয়া ছবিটা অন্য কোনোভাবেই পাওয়া যেত না। সেই ছবি খুব প্রীতিকর নয়। পঞ্চগড়ের যেসব মানুষের জায়গা হয়েছে রাষ্ট্র ও সমাজের একদম শেষ প্রান্তে, তারা আশ্বিন-কার্তিকের মঙ্গার যুগ পার হয়ে এসেছে বটে, কিন্তু তারা এখনো কেবলই প্রাণীর মতো জীবন ধারণ করে।
মঙ্গলবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখি, সিনেমা হলের মোড়ে এক মার্কেটের বারান্দার মেঝেতে বসে আছেন আট-দশজন নারী আর পাঁচ-ছয়জন পুরুষ। দু-তিনজন নারীর কোলে শিশু। তাঁরা অধীর হয়ে চেয়ে আছেন রাস্তার দিকে আর শুকনো মুখে উদ্বিগ্ন চোখে মাঝে মাঝে তাকাচ্ছেন মেঘলা আকাশের দিকে। কাছে গিয়ে কথা বলে জানতে পেলাম, তাঁরা দিনমজুর, কাজের খোঁজে বসে আছেন। ইট ভাঙা, ছাদ ঢালাই, মাটি কাটা বা অন্য কোনো কাজের জন্য যাঁদের লোক দরকার, তাঁরা এসে তাঁদের ডেকে নিয়ে যাবেন। মাসুমা নামে এক নারী বললেন, গত এক মাস তিনি কাজ পাননি, চেয়েচিন্তে, দোকানে বাকি রেখে খাদ্যদ্রব্য কিনে বাচ্চাকাচ্চা নিয়ে কোনোমতে প্রাণ ধারণ করছেন। আকাশ খারাপ, তাঁর ভয়, বৃষ্টি বাড়লে আজও কাজ পাবেন না। শেষমেশ বললেন, ‘হামরা এলা কামের অভাবে মরি যাছি।’
আরিফ নামের এক রিকশাচালকের তিনটা ছোট ছোট বাচ্চা, বউ আর অসুস্থ মাকে নিয়ে ছয়জন ‘খানেয়ালা’র সংসার। এক ফোঁটা জমি নেই, অন্যের জায়গায় ঘর তুলে বাস করেন, জায়গার মালিক এখন জমির দাম চান। আরিফ তাই দিন-রাত রিকশা চালান, কিন্তু মাসে সাত-আট হাজার টাকার বেশি আয় করতে পারেন না। গ্রীষ্মকালে পঞ্চগড়ে তীব্র রোদ আর প্রচণ্ড গরম, শীতকালে ভীষণ ঠান্ডা পড়ে। গরমে ও শীতে রিকশা চালানোর প্রাণান্তকর কষ্টের বিবরণ দিতে দিতে তিনি আমাকে শুনিয়ে নিজের নিয়তিকে অভিশাপ দেন, ‘হামরা গরমতও মরি, জারতও মরি!’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পঞ্চগড় জেলার উপপরিচালক স. ম. আশরাফ আলীর অফিসকক্ষে বসে একটা নথি থেকে জানতে পারলাম, প্রায় সাড়ে ১০ লাখ অধিবাসীর জেলা পঞ্চগড়ে ২০১৪-১৫ অর্থবছরে উৎপাদিত হয়েছে ৫ লাখ ২৬ হাজার ১১২ মেট্রিক টন খাদ্যশস্য। মোট চাহিদা মাত্র ১ লাখ ৭২ হাজার ৬৯৫ মেট্রিক টন। ৬০ হাজার ৯২৩ মেট্রিক টন বীজ ও অন্যান্য বাবদ রেখে দেওয়ার পর ২ লাখ ৯২ হাজার ৪৯৪ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদিত হয়েছে প্রধানত যাঁদের শ্রমে ও ঘামে, তাঁদের সিংহভাগ ভূমিহীন কৃষক ও খেতমজুর। তাঁদের সান্ত্বনা শুধু এইটুকু যে তাঁরা এখন আর আগের মতো অনাহারে থাকেন না, পরনের কাপড় কিনতে পারেন।
হাফিজাবাদ ইউনিয়নের দলুয়াপাড়া গ্রামে গিয়ে তেমনই এক ভূমিহীন কৃষক পরিবারের উঠানে দাঁড়িয়ে দেখলাম ভাত রান্না হচ্ছে, কোটা হচ্ছে কচুর ছড়া, যা বাজার থেকে কিনে আনা হয়েছে ১৮ টাকা দিয়ে। জিজ্ঞাসা করলাম, তাঁরা মাছ-মাংস খান কি না। এক নারী হেসে বললেন, আশপাশের ধানের জমি ও খানাখন্দে সামান্য মাছ পাওয়া যায়, কিন্তু তাঁরা মাংসের দেখা পান বছরে মাত্র একবার—কোরবানির ঈদের সময়।
সামনে ঈদুল আজহার কথা মনে পড়ল। আমি জিজ্ঞাসা করলাম, ‘আপনারা কোরবানি দেন?’
উত্তর না দিয়ে তাঁরা নীরবে পরস্পর মুখ চাওয়া-চাওয়ি করতে লাগলেন।