বাংলাদেশের মঙ্গাপীড়িত ছয়টি জেলার অর্ধেক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এসব এলাকায় ক্ষুধার্ত মানুষের সংখ্যাও ক্রমেই বাড়ছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে এলাকাগুলো অনেক পিছিয়ে আছে।বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের ‘সার্ভে ফাইন্ডিংস অন সোসিও-ইকোনমিক কন্ডিশন অব মঙ্গা রিজিয়ন’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।অ্যাকশন এইড বলছে, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, জামালপুর ও লালমনিরহাটে ২০০৭ সালে পাঁচ হাজার এবং ২০০৯-১০ সালে এক হজার ২০০ পরিবারের ওপর জরিপ করা হয়। জরিপ থেকে দারিদ্র্য পরিস্থিতির যে চিত্র পাওয়া গেছে, তা রীতিমতো হতাশাব্যঞ্জক বলে মনে করছে সংস্থাটি।অনুষ্ঠানে অ্যাকশন এইডের পক্ষে আফিফ আহমেদ ও আজগর আলী সাবরী প্রতিবেদনটি উপস্থাপন করেন। তাঁরা বলেন, চরম দারিদ্র্য ও খাদ্যাভাব দূর করার ক্ষেত্রে এসব এলাকায় লক্ষ্যণীয় উন্নতি হয়নি। জেলাগুলোর অর্ধেক মানুষের দৈনিক আয় এক ডলারের নিচে। জরিপে দেখা গেছে, মঙ্গাপীড়িত অঞ্চলগুলোর মানুষের মাথাপিছু দৈনিক আয় ২০ টাকা। মাত্র ৭ দশমিক ৭ শতাংশের মাথাপিছু আয় দুই ডলারের ওপর। প্রায় ৫৬ শতাংশ মানুষ ছয় থেকে আট মাস খাদ্যসংকটে ভোগে। বেশির ভাগ মানুষের স্থায়ী কাজের সংস্থান নেই। ৮৮ শতাংশেরও বেশিসংখ্যক মানুষের স্বাবলম্বী হওয়ার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই।প্রতিবেদনে বলা হয়েছে, সবার জন্য প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্জনেও কোনো অগ্রগতি নেই। ১০ বছর বয়স পর্যন্ত ৫০ শতাংশ শিশু নিরক্ষর থাকছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরুতেই মেয়েরা পিছিয়ে পড়ছে।তবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার ক্ষেত্রে লিঙ্গবিষম্য দূর করা ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়নি। তবে এলাকার মানুষ মনে করে তা হওয়া উচিত।অ্যাকশন এইডের আবাসিক পরিচালক ফারাহ কবীর বলেন, মঙ্গা মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ। এ অঞ্চলগুলোতে দারিদ্র্য দূর করতে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে কর্মসূচি বিভিন্ন সময় নেওয়া হয়েছে। কিন্তু এ সমস্যা মোকাবিলায় ব্যাপকভিত্তিক কর্মসূচি নেওয়া উচিত।আলোচনায় অংশ নিয়ে অক্সফাম জিবির আবাসিক প্রতিনিধি গ্যারেথ প্রাইস জোনস বলেন, খাদ্যের সুষম বণ্টন নিশ্চিৎ করতে তাঁরা প্রচারণা চালাবেন।