বরিশালের মুলাদী উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মজনু খান নিহত হননি; র্যাব পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। গত সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহত মজনুর বোন রিনা খান র্যাবের বিরুদ্ধে এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে রিনা বলেন, গত ৪ জুলাই দুপুর ১২টার দিকে তাঁর ভাই মজনুকে নাজিরপুল এলাকা থেকে সাদা পোশাকধারী একদল লোক জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মজনুর খোঁজ নিতে তাঁর পরিবার বাবুগঞ্জ থানা ও বরিশাল র্যাব-৮-এর বরিশাল কার্যালয়ে যোগাযোগ করে। ওই দিন রাত ১২টায় পুলিশ ও র্যাবের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, মজনু নামে কাউকে আটক করা হয়নি। কিন্তু পরদিনই র্যাবের পক্ষ থেকে মজনু বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করা হয়।এ ব্যাপারে র্যাব-৮ বরিশালে দায়িত্বরত মেজর রাশেদ বলেন, মজনু চরমপন্থী সংগঠন সর্বহারা দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে চারটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এদিকে ঘটনায় দুই র্যাব কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার অভিযোগ শুনানীর ধার্য দিনে বিজ্ঞ আদালত মুলাদী থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে সুরতহাল ও ময়না তদন্তের রিপোর্টসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।