মজা লসের অ্যাডমিন রেফায়েতকে জামিনে মুক্তির নির্দেশ
ফেসবুক পেজ ‘মজা লস’-এর অ্যাডমিন রাফায়াত আহমেদকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক জেসমিন আরা বেগম তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
সরকার ও রাষ্ট্রবিরোধী কটূক্তি এবং অপপ্রচারণার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ১০ ডিসেম্বর রাতে রেফায়েত আহম্মেদকে আটক করে র্যাব। এই অভিযোগে ভাটারা থানায় রেফায়েত আহমেদকে আসামি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এ মামলা করেন। ওই দিন রেফায়েতকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল দুই দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, আসামি রেফায়েত আহম্মেদ দীর্ঘদিন ধরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ওয়েব পেজ ‘মজা লস’-এর মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বিভিন্ন ব্যক্তি সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ প্রচার-প্রচারণা করে আসছেন।
আইনজীবী নূর মোরশেদ প্রথম আলোকে বলেন, রেফায়েত আহমেদকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে কোনো তথ্য-প্রমাণ পাননি তদন্ত কর্মকর্তা। আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
ফেসবুকের মজা লস এই ফ্যান পেজে মূলত ‘মিম’ (অনলাইনের উপযোগী একধরনের ফটো কার্টুন) তৈরি করে বিভিন্ন ঘটনা নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করা হয়। ব্যঙ্গবিদ্রূপের বিষয় সমাজ, রাজনীতি, খেলা থেকে প্রায় সবকিছুই। অনলাইনে কৌতুক, ব্যঙ্গবিদ্রূপ করার এ ধরনটাকে ‘ট্রল’ করাও বলা হয়। কোনো ঘটনার সঙ্গে থাকা মূল ব্যক্তি বা বিষয়বস্তুকে দিয়ে বলানোটাই ট্রলিং। এই পেজে লাইকের সংখ্যা গতকাল সোমবার পর্যন্ত ছিল সাত লাখের বেশি।
মজা লসে ছবির পাশাপাশি অডিও-ভিডিওর মাধ্যমে ব্যঙ্গ করা হয়। পেজটি ঘাঁটাঘাঁটি করে দেখা যায়, মানুষকে আনন্দ দেওয়াটাই এর বৈশিষ্ট্য। তীর্যকভাবে ঘটে যাওয়া ঘটনা, কোনো অন্যায় হলে তার প্রতিবাদও করা হয় পেজটির মিম, কোলাজ কার্টুন বা ভিডিও মিমে। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার ছিল মজালস পেজটি। পাশাপাশি বিভিন্ন সময় নারী উত্ত্যক্তকারীদের নিয়েও ক্রমাগত মিম তৈরি করা হয়েছে পেজটি থেকে। ফলে ইভ টিজিংসহ অনেক অন্যায় এ পেজের মাধ্যমে আলোচনায় এসেছে।