মজার ছলে রসায়ন শেখা
পটাশিয়াম পারম্যাংগানেটের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন যোগ করতেই আতশবাজির মতো জ্বলে উঠল। হাইড্রোজেন পার–অক্সাইডের সঙ্গে তরল ডিটারজেন্ট মেশানোয় রং হয়ে গেল সবুজ। তাতে পটাশিয়াম আয়োডাইড মেশাতেই টুথপেস্টের মতো ফেনা উঠতে লাগল। চোখের সামনে বিজ্ঞানের এসব কারিকুরি দেখে বিস্মিত উপস্থিত শিক্ষার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার ‘কেমিস্ট্রি ফর ফান’ শীর্ষক এক আয়োজনে রাসায়নিক দ্রব্যের এসব পরীক্ষা শিক্ষার্থীদের হাতেকলমে শেখানো হয়। স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করতে এই উদ্যোগ নেয় ‘ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাব’। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এ সংগঠনের উদ্যোক্তা। আয়োজনে অংশ নেয় জেলা শহরের ৮-১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। দ্বিতীয় পর্বে বিভিন্ন যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যের পরীক্ষা দেখানো হয়। এর আগে প্রথম পর্বে ছিল প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা। এক ঘণ্টার এ পর্বটিও ছিল ব্যতিক্রম। মোট পরীক্ষাকক্ষ ছিল ১০টি। সব কটির নামকরণ করা হয় রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণির ১০ মৌল হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন ও নিয়নের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে।
অংশগ্রহণকারী নবম শ্রেণির শিক্ষার্থী মেহনাজ আফরিন বলে, ‘স্বপ্নেও ভাবিনি, রসায়ন এত মজার ও রসের হতে পারে।’
আয়োজক সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী অমিত মোদক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভেন্যু প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন।