
‘পরীক্ষা যে এমন মজার হয়, জানা ছিল না।’ দশম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশগ্রহণকারীদের একজন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অমর্ত্য পাল বলছিল এ কথা। তার সঙ্গে ছিল একই শিক্ষাপ্রতিষ্ঠানের আরেক ছাত্র হিমেল কুণ্ডু।

গতকাল শুক্রবার সকালে তাদের সঙ্গে যখন আলাপ হয়, তখন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠের বটতলায় ঢাকা অঞ্চলের ভাষা প্রতিযোগের প্রশ্নোত্তর পর্ব চলছে। অমর্ত্য বলল, এমন অনুষ্ঠানে পুরস্কার না পেলেও চলে।
তবে পুরস্কার পাওয়ার চেয়ে অংশগ্রহণ যে গুরুত্বপূর্ণ, সেটা ঢাকা ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগে নিবন্ধিত এক হাজার ৫০০ শিক্ষার্থী উদ্বোধনী অনুষ্ঠান থেকে পুরস্কার বিতরণ পর্যন্ত প্রাণচাঞ্চল্যে ভরিয়ে রেখে প্রমাণ করে দিয়েছে।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী জাতীয় পতাকা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন প্রথম আলোর প্রকাশনা সমন্বয়ক অরুণ বসু।
রাশেদা কে চৌধূরী বলেন, নতুন প্রজন্মের সুন্দর ও শুদ্ধ করে বাংলা ভাষা জানা ও বোঝার যে উদ্যোগ, সেটাই হলো ভাষা প্রতিযোগ। তিনি এ উদ্যোগের সঙ্গে গণসাক্ষরতা অভিযানকে যুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আসাদুজ্জামান সুবহানী বলেন, ভাষা প্রতিযোগের মতো একটি সৃজনশীল প্রয়াসের সঙ্গে যুক্ত থাকতে পারায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ গর্বিত।
এরপর অতিথি ও অংশগ্রহণকারীরা বেলুন উড়িয়ে প্রতিযোগের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষ করে। উদ্বোধনের পর ৪০ মিনিটের পরীক্ষায় ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
এরপর প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই বক্তব্য দেন সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। বক্তব্যের মাঝখানে বিখ্যাত লোকগান ‘বটবৃক্ষের ছায়া যেমন’ গেয়ে এবং রবীন্দ্রনাথের কবিতা ‘কল্পনা’ আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করেন তিনি। আসমা আব্বাসী সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিযোগে অংশগ্রহণকারীদের মা, মাতৃভাষা ও মাতৃভূমিকে শ্রদ্ধা করার আহ্বান জানান।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বড় কিছু হওয়ার অন্যতম প্রধান শর্ত উত্তমরূপে মাতৃভাষা শিক্ষা।’
ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর সবাইকে নিয়ে উল্টো দিক সংখ্যা গণনা দিয়ে প্রশ্নোত্তর পর্বের শুরু করেন। এরপর পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র তানভীর হাসান কখনো মোরগের ডাক, কখনো আবার মোটরসাইকেল চালু করার শব্দ শুনিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে।
এরপর মজার প্রশ্নে মেতে ওঠে শিক্ষার্থীরা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচনাকাল থেকে ভাষা-সাহিত্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, শিক্ষক গুলশান আরা, বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, শিক্ষক মোহাম্মদ আজম, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের শিক্ষক কুদরত-ই-হুদা।
মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী ও মাহবুবুল হক বক্তব্য দেন। এইচএসবিসির করপোরেট সাসটেইনে-বিলিটি ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়ের উপস্থিত ছিলেন। পুরস্কৃত ৬০ জনের মধ্যে সেরাদের সেরা হয়েছে সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের সাদমান রহমান।