মজার স্কুলের চার কর্মকর্তার জামিন
অদম্য বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত ‘মজার স্কুল’-এর চার কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত। শুনানি শেষে আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম তাঁদের জামিন দেন।
এই চারজন হলেন আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান।
গত ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার সি ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে ১০ শিশুসহ এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে থাকা শিশু মোবারক হোসেনের চাচার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শুনানির পর আদালত প্রাঙ্গণে আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা অদম্য বাংলাদেশ নামে একটি এনজিও চালান। এই এনজিওর অধীনেই তাঁরা পথশিশুদের এখানে রেখে পড়াশোনা করান, কম্পিউটার শেখান; যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ হতে পারে। উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে নয় শিশুই পথশিশু। আর যার চাচার অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, সে শিশু মোবারক বাসা থেকে রাগ করে চলে আসে। অদম্য বাংলাদেশ শিশুটিকে সেখানে আশ্রয় দেয়।