শিশু অপহরণের অভিযোগে করা মামলার দায় থেকে ‘অদম্য বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংগঠনের চারজন সদস্যকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল সোমবার মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
গতকাল এ মামলায় চূড়ান্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য ছিল। গত বছরের ১৯ অক্টোবর তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। তদন্তে আসামিদের বিরুদ্ধে শিশু অপহরণের কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করে পুলিশ। গতকাল শুনানি শেষে আদালত আসামিদের মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান।
গত বছরের ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার সি-ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে ১০ শিশুসহ এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে থাকা শিশু মোবারক হোসেনের চাচার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
অদম্য বাংলাদেশের সদস্য আরিফুর রহমান প্রথম আলোকে ১৯ অক্টোবর জানিয়েছিলেন, তাঁরা অদম্য বাংলাদেশ নামে একটি বেসরকরি সংগঠন চালান। এই সংগঠনের অধীনেই তাঁরা ওই বাড়িতে ‘মজার স্কুল’ নামের শিক্ষাপ্রতিষ্ঠানে পথশিশুদের রেখে পড়াশোনা করান, কম্পিউটার পরিচালনা শেখান, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ হতে পারে। উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে নয় শিশুই পথশিশু। মোবারক নামে যে শিশুর চাচার অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই মোবারক বাসা থেকে রাগ করে চলে আসে। অদম্য বাংলাদেশ শিশুটিকে সেখানে আশ্রয় দেয়।