মজিবুর নামের দুজনকে হত্যা করল কারা, এখনো অজানা
নেত্রকোনার কলমাকান্দায় হাত-পা বেঁধে এক গরু ব্যবসায়ীকে পুড়িয়ে এবং এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। দুই সপ্তাহের মধ্যে মো. মজিবুর নামের দুজনকে হত্যার ঘটনা ঘটেছিল। ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় এই দুজনের পরিবার। তবে পুলিশ বলছে, দ্রুতই হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
গরু ব্যবসায়ী মো. মজিবুর রহমান (৫০) উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা এলাকার বাসিন্দা ছিলেন। গত ২১ ডিসেম্বর রাতে বাড়ির সামনে দুর্বৃত্তরা তাঁকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা করে। আর ইজিবাইকচালক মো. মজিবুর রহমানের (২৪) বাড়ি দুর্গাপুর উপজেলার পূর্ব নলোয়াপাড়া এলাকায়। গত ৪ জানুয়ারি দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের উত্তর গৌরীপুর এলাকার একটি খেত থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী মজিবুর ২১ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় পাঁচগাঁও বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাঁর বাড়ির পূর্ব দিকে পতিত জমিতে রাখা খড়ে আগুন দেখেন। ঘটনাস্থলে গিয়ে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় মজিবুরের শরীরে আগুন জ্বলছে। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই আতাউর রহমান বাদী হয়ে মামলা করেন। পুলিশ স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এস এম আমির হামজাসহ তিনজনকে গ্রেপ্তার করে। কিন্তু হত্যার রহস্য এখনো জানা যায়নি।
এ দিকে দুর্গাপুরের ইজিবাইকচালক মজিবুর ৩ জানুয়ারি সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। পরের দিন দুপুরে কলমাকান্দার উত্তর গৌরীপুর এলাকার একটি খেত থেকে পুলিশ তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে। ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করেন। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য পুলিশ উদ্ঘাটন করতে পারেনি।
এ ব্যাপারে গরু ব্যবসায়ী হত্যা মামলার বাদী আতাউর রহমান বলেন, ‘ঘটনার দেড় মাস চলে গেলেও পুলিশ কিছু করতে পারেনি। তাই ভাই হত্যার বিচার নিয়ে শঙ্কায় আছি।’ আর ইজিবাইকচালক হত্যা মামলার বাদী নিহত ব্যক্তির বাবা আবুল কাশেম বলেন, ‘আমার ছেলেকে তো আর ফিরে পাব না। কিন্তু আমি চাই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক। জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এত দিনেও পুলিশ কেন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারল না? ন্যায়বিচার নিয়ে চিন্তায় আছি।’
জানতে চাইলে নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী প্রথম আলোকে বলেন, ‘দুটি হত্যা মামলাই আমরা অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে আমরা বেশ কিছু ক্লু (সূত্র) পেয়েছি। তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুতই রহস্য উন্মোচন করা যাবে।’