গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা গঠিত হওয়ার প্রায় নয় বছর পর গতকাল বুধবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্থগিত আট কেন্দ্রের পুনর্নির্বাচন।পৌরসভার মেয়র নির্বাচিত হলেন বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান পৌর প্রশাসক মজিবুর রহমান। তিনি পেয়েছেন ৩২ হাজার ৩২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সিকদার মোশারফ পেয়েছেন ছয় হাজার ৭৮৪ ভোট।সূত্রমতে, গত ১৭ জানুয়ারি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ওই দিন পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আটটি কেন্দ্রে ভোটার তালিকার গরমিল থাকায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন। নয় মাস পর আদালতের নির্দেশে গতকাল স্থগিত আট কেন্দ্রে পুনর্নির্বাচন হয়।অপর দিকে কাউন্সিলর পদে ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সারোয়ার হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সামছুল সরকার। এ ছাড়া গত ১৭ জানুয়ারি অন্য ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন: ১ নম্বর ওয়ার্ডে মুহসীনুজ্জামান, ২ নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে বেলায়েত হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে ইসমাইল হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে আহাদ আলী।