মজিবুর রহমান ফকিরের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে গতকাল মঙ্গলবার। দুপুরে গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, গত সোমবার ময়মনসিংহ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা শেষে মজিবুর রহমানের মরদেহ ঢাকায় নেওয়া হয়। এরপর বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল নয়টায় প্রয়াত সাংসদের মরদেহ গৌরীপুর পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ১০টায় গৌরীপুর খেলার মাঠে তৃতীয় ও দুপুরে নিজের গ্রাম কলতাপাড়ায় চতুর্থ ও শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

হৃদ্‌রোগে আক্রান্ত হলে মজিবুর রহমান ফকিরকে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মজিবুর রহমান ফকির তিনবার সাংসদ নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগদান করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন।