মজীনা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে তাঁর জন্য পর্যবেক্ষক পরিচয়পত্র সংগ্রহ করেছে মার্কিন দূতাবাস। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, গতকাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ড্যান মজীনাসহ মোট ৫৪ জনের জন্য পর্যবেক্ষক পরিচয়পত্র নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনডিআই এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ছয়জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। জাপান দূতাবাসও তাদের নয়জন পর্যবেক্ষকের জন্য পরিচয়পত্র নিয়েছে।
ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ছয় হাজার ৫৮৯ জন পর্যবেক্ষক অংশ নিতে যাচ্ছেন।
দশম সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রসহ ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলো নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেয়নি। তবে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার সদস্যদের মধ্যে ভারতের দুজন ও ভুটানের দুজন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে আসেন।