মজুত গ্যাস ১৬ বছরের মধ্যে শেষ হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান মজুত গ্যাস আগামী ১৬ বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় সংসদে গতকাল রোববার সরকারি দলের আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশে প্রাথমিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস ছিল ২৭ দশমিক ১২ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফুট)। এর মধ্যে ২০১৫ সালের মে পর্যন্ত ১২ দশমিক ৯৬ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। ১৪ দশমিক ১৬ টিসিএফ গ্যাস মজুত আছে। চলতি অর্থবছরের ১১ মাসে ৮১৫ দশমিক ৯৮ বিসিএস (বিলিয়ন কিউবিক ফুট) উত্তোলন করা হয়েছে। গ্যাস উত্তোলনের এই হার অব্যাহত থাকলে মজুত গ্যাস ২০৩১ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে। একই সঙ্গে গ্যাসের চাপ কমে যাওয়ায় গ্যাসক্ষেত্র গুলোর উৎপাদন ক্ষমতা কমে যাবে।
সকাল সাড়ে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ভাড়ায় নির্মিত ৩১টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলোর উৎপাদন ক্ষমতা ২ হাজার ১৩৭ মেগাওয়াট। ১৪টি রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭৪৮ দশমিক ৫০ মেগাওয়াট এবং ১৭টি কুইক রেন্টাল কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩৮৮ দশমিক ৫০ মেগাওয়াট।
সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করা যাবে। বর্তমানে সুবিধাভোগী জনগোষ্ঠী ৭৪ শতাংশ।
সরকারি সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশে স্থানীয় বিনিয়োগের জন্য ৩৪ হাজার ২৩১টি শিল্পপ্রতিষ্ঠান এবং শতভাগ দেশি-বিদেশি বিনিয়োগে ৩ হাজার ১০০টি শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হয়েছে।