মজুত নেই, রংপুরে ৬ দিন ধরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ
পণ্যের মজুত না থাকায় ছয় দিন ধরে রংপুর শহরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ আছে। নগরবাসী ও ডিলাররা ঈদের আগে আবারও পণ্য সরবরাহের দাবি জানিয়েছেন।
রংপুর টিসিবি কার্যালয় সূত্রে জানা গেছে, রমজান মাসের শুরু থেকে রংপুর সিটি করপোরেশন এলাকার সিও বাজার, কাচারিবাজার, সিটি করপোরেশনের সামনে, শাপলা চত্বর ও মাহীগঞ্জ এলাকায় প্রতিদিন ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হতো। পণ্যের মধ্যে ছিল সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা। কিন্তু টিসিবির গুদামে পণ্য মজুত না থাকায় এসব স্থানে গত মঙ্গলবার থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি বন্ধ হয়ে যায়।
প্রত্যেক ডিলার এক স্থানের জন্য প্রতিদিন ৫০০ কেজি ছোলা, ৪০০ কেজি চিনি, ২০০ কেজি ডাল, ৩০০ লিটার সয়াবিন তেল উত্তোলন করতে পারতেন। টিসিবির প্রতি লিটার সয়াবিন তেল ৮০ টাকা, প্রতি কেজি চিনি ৪৮ টাকা, মসুর ডাল ৯০ টাকা ও ছোলা ৭০ টাকায় বিক্রি করা হচ্ছিল। বর্তমানে শহরের তাজহাটে টিসিবির কার্যালয়ের বিক্রয়কেন্দ্র থেকে শুধু চিনি ও সয়াবিন তেল ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।
টিসিবির ডিলার আমিনুল ইসলাম বলেন, ডিলাররা দাবি জানিয়েছেন, ঈদের আগে টিসিবির পণ্য আবার দেওয়া হোক। জেলা দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুননুন ঈদের আগে টিসিবির পণ্য চিনি ও সয়াবিন তেল বিক্রির দাবি জানিয়েছেন।