ভারত থেকে বেসরকারি পর্যায়ে চাল আমদানি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে সরকার। এই আমদানি চলতে থাকলে বাজারে তার প্রভাব কতটা পড়বে, আবার আমদানি নিরুৎসাহিত করলে তারও কী প্রভাব পড়বে তা নিয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের তুলনায় এ বছর ভারত থেকে প্রায় দ্বিগুণ চাল আমদানি হয়েছে। ভারত সরকার প্রতি তিন বছর পর তাদের খাদ্যগুদামগুলো খালি করে। এরই অংশ হিসেবে আট টাকা দামে তাদের গুদামের মোটা চাল বিক্রি করে গুদাম খালি করছে। এই কম দাম বাংলাদেশের ব্যবসায়ীদের মনোযোগ আকর্ষণ করেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেশে খাদ্য মজুত যথেষ্ট রয়েছে। গুদামগুলো খাদ্যশস্যে পরিপূর্ণ, এমনকি মজুত ৩ লাখ টন বেশি আছে। এ ছাড়া বোরোরও বাম্পার ফলন হয়েছে। আগামী মে মাসের মাঝামাঝি থেকে বোরো সংগ্রহ শুরু হবে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের খাদ্যপরিস্থিতি নিয়ে গতকালের বৈঠকে আলাপ-আলোচনা হয়েছে। তার মানে এই নয় যে, কোনো ঘাটতি বা আতঙ্ক আছে। ভারত থেকে যে পরিমাণ চাল আসার কথা, তা এসে গেছে। তবে এত চাল না এলেও চলত।
গতকালের বৈঠকে একাধিক মন্ত্রী চাল আমদানির বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বলেন, চাল আমদানি নিরুৎসাহিত বা বন্ধ করলে তার প্রভাবও ভেবে দেখা দরকার।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন চালের বাজার খুঁজছে। কীভাবে এবং কোথায় চাল রপ্তানি করা যায় সেই চেষ্টা চলছে।