মজুদ আছে, মিলছে না ইউরিয়া
জয়পুরহাটের কালাই ও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকার অনুমোদিত ডিলার ও খুচরা বিক্রেতাদের গুদামে ৮৪৭ মেট্রিক টন ইউরিয়া মজুদ আছে। কিন্তু কৃষকেরা দুদিন ধরে বিক্রয়কেন্দ্রগুলোতে ধরনা দিয়েও সার কিনতে পারছেন না। সারের দাম বাড়ার সরকারি ঘোষণার সঙ্গে সঙ্গে ডিলাররা ইউরিয়া বিক্রি বন্ধ করে দিয়েছেন। গতকাল বুধবার কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে আগামী রোববার পর্যন্ত সরকার অনুমোদিত ডিলাররা ইউরিয়া বিক্রি বন্ধ রেখেছেন। সরকারিভাবে ইউরিয়ার দাম বাড়ানো হলেও বিধি অনুযায়ী আগের মজুদ শেষ না হওয়া পর্যন্ত কৃষক আগের দামেই সার কেনার সুযোগ পাওয়ার কথা।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত উপজেলার সরকারি ১১ জন ডিলারের গুদামে ৫৩৬ দশমিক ৫ মেট্রিক টন এবং ৫৪ জন খুচরা বিক্রেতার গুদামে ৫১ মেট্রিক টন ইউরিয়ার মজুদ ছিল।উপজেলার বাসুড়া গ্রামের কৃষক সুলতান মাহমুদ বলেন, ‘স্থানীয় নুনুজ বাজারে সরকার অনুমোদিত এক ডিলারের গুদামে আগের দরের বেশ কিছু ইউরিয়া মজুদ আছে—এ খবর পেয়ে আমন আবাদের জন্য দুপুরের দিকে পাঁচ বস্তা সার কিনতে যাই। কিন্তু ওই ডিলার বিক্রি করেননি। আমার মতো অনেক কৃষকই ইউরিয়া কিনতে গিয়ে খালি হাতে ফিরেছেন।’উপজেলার ইমামপুর গ্রামের কৃষক আবদুুল জব্বার বলেন, ‘স্থানীয় পুনট বাজারের একজন ডিলারের গুদামে আগের দরের বেশ কিছু ইউরিয়া মজুদ আছে—এ খবর পেয়ে গতকাল সকালে ছয় বস্তা ইউরিয়া কিনতে যাই। কিন্তু ওই ডিলারের ঘরে আগের দরের কোনো ইউরিয়া নেই বলে তিনি জানান। তবে প্রতি বস্তা এক হাজার টাকা দিলে তিনি সার বিক্রি করতে রাজি হন।’কালাই সদরের ডিলার ও এমএস ট্রেডার্সের শহিদুল ইসলাম তালুকদার বলেন, ‘দাম বাড়ানোর পর আগের দামে ইউরিয়া কেনার জন্য অনেকেই ভিড় করেছেন। তবে তাঁরা সবাই ব্যবসায়ী, কৃষক নন।’উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছাত্তার বলেন, ‘সবেমাত্র বোরো কাটা ও মাড়াই চলছে। আমন মৌসুম শুরু হতে এখনো বেশ সময় রয়েছে। বর্তমানে কৃষকের ইউরিয়ার প্রয়োজন নেই। তার পরও দুদিন ধরে বেশ কিছু সুযোগসন্ধানী কৃষক আগের দরে ইউরিয়া কিনতে ডিলারদের কাছে ভিড় করছেন। ফলে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ইউএনওর সঙ্গে পরামর্শ করে আগামী রোববার পর্যন্ত ইউরিয়া বিক্রি বন্ধ রাখা হয়েছে।’কালাইয়ের ইউএনও মো. আবদুর রহিম বলেন, ‘ইউরিয়া বিক্রি বন্ধ করে না দিলে ডিলাররা সুযোগ বুঝে বর্ধিত দরে তা বিক্রি করতেন। আগের মজুদ কেউ যাতে বর্ধিত দরে বিক্রি করতে না পারে, এ জন্যই ওই সার বিক্রি বন্ধ রাখা হয়েছে।’কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কৃষক মোজাম্মেল হক ও ধামশ্রেণী ইউনিয়নের কৃষক জাহেদুর রহমান জানান, তাঁরা আমন বীজতলা তৈরি করেছেন। এখন সার নিতে এসে পাচ্ছেন না। এ ছাড়া উপজেলায় এ পর্যন্ত ১৫০ হেক্টর ভাদই ধানের চাষ হয়েছে। ভাদইচাষি আবদুল করিম বলেন, ‘জমিতে প্রথম দফা সার প্রয়োগ করার জন্য বাজারে এসে শুনি, ইউরিয়ার দাম বেড়েছে এবং বেচাকেনা বন্ধ রয়েছে। এ কারণে জমিতে সার প্রয়োগ করা যাচ্ছে না।’ হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে ডিলাররা জানান, উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর থেকে ইউরিয়া সার বেচাকেনা বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, এখন বাজারে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া গোপনে এক হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার জানান, গত ৩১ মে পর্যন্ত ডিলার আবদুল মালেকের ১১, মেসার্স এমএম টেডার্সে ২০, আবদুল আলী সরকারের ৯০, আকবর আলীর ৩৯, সরদার ট্রেডার্সের ২৫, আমজাদ হোসেনের ১২, মেসার্স রানা ট্রেডার্সের ২০ মেট্রিক টনসহ উপজেলার ১৪ জন ডিলারের কাছে ২৬০ মেট্রিক টন ইউরিয়া মজুদ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মজুদ করা সার ডিলারদের আগের দর অর্থাৎ প্রতি বস্তা ৬০০ টাকায় বিক্রি করতে হবে। যদি কেউ এর চেয়ে বেশি দামে ইউরিয়া বিক্রি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় এক ঘোষণায় প্রতি কেজি ইউরিয়ার দাম ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে।