মজুদ থাকায় বোরো মৌসুমে সারসংকটের আশঙ্কা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বোরো মৌসুমের প্রয়োজনীয় সারের মজুদ সরকারের কাছে রয়েছে। বাফার স্টকে বর্তমানে সাড়ে ছয় লাখ টন ইউরিয়া সারের মজুদ আছে। আরও তিন লাখ টন কাতার থেকে আমদানি করা হচ্ছে। তাই এ মৌসুমে সারের সংকট বা দাম বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই।গত বৃহস্পতিবার সংসদ ভবনে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কামাল আহমেদ মজুমদার, এস এম আবদুল মান্নান, আনোয়ারুল আশরাফ খান, মো. হারুনুর রশিদ, জাহিদ মালেক ও বেগম সুলতানা বুলবুল অংশ নেন।সভায় সারের বার্ষিক চাহিদা মেটানোর লক্ষ্যে শাহজালাল সার কারখানাসহ দুটি নতুন সার কারখানা স্থাপনের সুপারিশ করা হয়। দেশে বর্তমানে ২২ লাখ টন সার উত্পাদনের ক্ষমতা রয়েছে। আরও দুটি কারখানা করা সম্ভব হলে প্রয়োজনীয় ৩০ লাখ টনের পুরোটাই বাংলাদেশে উত্পাদন করা সম্ভব। তখন আর বিদেশ থেকে ইউরিয়া আমদানি করতে হবে না।দেশে সার নিয়ে যাতে কোনো জটিলতার সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য মন্ত্রণালয়কে সার্বক্ষণিক নজরদারি করার সুপারিশ করা হয়। সভায় ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করার সুপারিশও করা হয়। ভেজালবিরোধী অভিযানে মাঝেমধ্যে সংসদীয় কমিটির সদস্যদেরও সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।সভায় দেশবন্ধু সুগার মিলের কাছে চিনি বিক্রিসহ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখার জন্য বিএসএফআইসি পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, দেশবন্ধুর চিনি রপ্তানির বিষয়টি নিয়ে রহস্যজনক তথ্য পাওয়া গেছে। তাই এটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠক শেষে কমিটির সভাপতি বলেন, ‘চলতি বোরো মৌসুমে সার নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মন্ত্রণালয়কে সজাগ থাকতে বলা হয়েছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করে বলা হয়েছে যে সার নিয়ে কোনো সংকট হবে না।’ এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, দেশীয় শিল্প সংরক্ষণে কাঁচামালের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের সুপারিশসহ বেশ কিছু সুপারিশ সরকার গ্রহণ করেছে। বেশ কিছু সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে।