সংশোধনের মাধ্যমে সময়োপযোগী করে ১৯৫৩ সালের মজুদবিরোধী আইন ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ী ও মিলের মালিকেরা যাতে পণ্যের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্যই আইনটি আবার বহাল হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মজুদবিরোধী আইন পুনরায় চালুর জন্য সরকারি আদেশ (এসআরও) চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত এক সভা শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা বলেন। সভায় খাদ্য অধিদপ্তর, বাণিজ্য ও অর্থসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, চালকলের মালিক ও ব্যবসায়ীরা বৈঠকে উপস্থিত ছিলেন। অবৈধ মজুদ রোধের জন্য তৈরি খসড়া আইনে আমদানি পর্যায়ে ২০ হাজার টন চাল ৯০ দিন পর্যন্ত, পাইকারি পর্যায়ে ৪৫ দিন ও খুচরা পর্যায়ে ৩০ দিন মজুদ করার প্রস্তাব রাখা হয়েছে। গম, চিনি, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, গুঁড়ো দুধ মজুদের বিষয়েও কী পরিমাণ মজুদ কত দিন করা যাবে, তা নির্ধারণ করা হয়েছে। আইনটি আবার চালুর আগে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে। খাদ্যমন্ত্রী বলেন, ‘সার্বিক প্রেক্ষাপটে বাজারের ওপর সরকারের কিছু না কিছু নিয়ন্ত্রণ থাকা উচিত। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে চায় না। তবে বাজারকে প্রভাবিত করতে বিধিবিধান থাকা প্রয়োজন।’ খাদ্যমন্ত্রী বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ মজুদদারদের মজুদদারি এবং আন্তর্জাতিক বাজার থেকে চাহিদা অনুযায়ী খাদ্যশস্য আমদানি করতে না পারায় সৃষ্ট পরিস্থিতি এড়াতে ১৯৫৩ সালের আইনটি সংশোধনের মাধ্যমে পুনঃ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন একটি খসড়াও তৈরি করা হয়েছিল। আমরা ক্ষমতায় এসে বিষয়টি নিয়ে আবারও কাজ শুরু করেছি।’ উল্লেখ্য, ১৯৫৩ সালের মজুদবিরোধী ‘ইস্ট বেঙ্গল (ফুড স্টাফস) প্রাইস কন্ট্রোল এন্টি হোর্ডিং অর্ডার’ জারি করা হয়। এ আদেশের ভিত্তিতেই তখন চালকলের মালিক ও ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হতো। কিন্তু মুক্তবাজার অর্থনীতির কারণে আদেশটি ১৯৯১ সালে বাতিল করা হয়।