মজুরি কম দেওয়ার প্রতিবাদে দুই কারখানায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন মজুরি (পিস রেট) কম দেওয়ার প্রতিবাদে গতকাল গাজীপুর সদর উপজেলায় দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, উপজেলার ভোগড়া এলাকার রোজ সোয়েটার ইউনিট-২-এর শ্রমিকদের গত মাসের বেতন-ভাতা গত বুধবার দেওয়া হয়। উৎপাদন মজুরি কম দেওয়া হয়েছে অভিযোগ এনে এর প্রতিবাদে গতকাল সকাল নয়টার দিকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা চত্বরে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা কারখানার দরজা-জানালার কাচ, বিভিন্ন কক্ষের বাতি, একটি ব্যক্তিমালিকানাধীন গাড়ি, দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠকে সমঝোতা হলে কর্তৃপক্ষ দুপুর ১২টার দিকে কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা ত্যাগ করেন।কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন খান জানান, মজুরি কম দেওয়া হয়নি। ভাঙচুরের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।একই দাবিতে সদর উপজেলার কোনাবাড়ী এলাকার সেনন সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল সকালে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছেন।