মজুরি কমানোর প্রতিবাদে শ্রমিকদের সার ওঠানো-নামানো বন্ধ
দিনাজপুরের পার্বতীপুর বাফার গুদাম থেকে চার দিন ধরে সার ওঠানো–নামানো বন্ধ রেখেছেন শ্রমিকেরা। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি টন সার তোলার জন্য ১১ টাকার স্থলে দুই টাকা নির্ধারণ করায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে সার ওঠানো–নামানো বন্ধ করে দেন।
পার্বতীপুর বাফার গুদাম সূত্র জানায়, কম মজুরিতে গুদাম শ্রমিকেরা কাজ করতে রাজি না হওয়ায় নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রাম থেকে ৯০ জন শ্রমিক এনে কাজ শুরু করে। কিন্তু নিবন্ধিত শ্রমিকেরা এতে বাধা দেওয়ায় গুদাম থেকে সারবোঝাই কোনো ট্রাক বের হতে পারেনি। এই বাফার গুদাম থেকে দিনাজপুর ও নীলফামারী জেলায় রাসায়নিক সার সরবরাহ করা হয়ে থাকে।
বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত অর্থবছরে প্রতি মেট্রিক টন সার ওঠানো অথবা নামানোর জন্য ১৩ টাকা হিসেবে শ্রমিকদের দেওয়ার কথা বলে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাপলা ট্রেডার্স। কিন্তু প্রতিষ্ঠানটি ১১ টাকা হিসেবে শ্রমিকদের মজুরি দেয়।
চলতি অর্থবছরে বাবু এন্টারপ্রাইজ নামের নতুন একটি প্রতিষ্ঠান প্রতি টন সার ওঠানো বা নামানোর জন্য মাত্র দুই টাকা ৮০ পয়সা হিসেবে দরপত্র দাখিল করে কাজ পেয়েছে। এ প্রতিষ্ঠানটি শ্রমিককে দুই টাকা করে দেবে বলে জানিয়েছে। কিন্তু শ্রমিকেরা এই টাকায় কাজ করতে অসম্মতি জানিয়েছেন।
বাবু এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘যে মূল্যে দরপত্র দাখিল করে কাজ পেয়েছি, সেই অনুযায়ী মজুরি নির্ধারণ করেছি। এতে পোষালে শ্রমিকেরা কাজ করবেন, না হলে করবেন না। তবে আমরা নতুন শ্রমিক দিয়ে ওঠানো-নামানোর কাজ করার চেষ্টা করছি। কিন্তু আগের শ্রমিকেরা ঝামেলা করছে।’ কোন শ্রমিক দিয়ে কাজ করা হবে, সেটা ঠিকাদারের নিজস্ব বিষয় বলে তিনি উল্লেখ করেন।
বাফার গোডাউন কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী দাবি করেন, ‘আমরা নিবন্ধিত শ্রমিক। সংখ্যা শতাধিক। শ্রম আইন অনুযায়ী নিবন্ধিত শ্রমিকদের বাদ দিয়ে বাইরের শ্রমিক দিয়ে কাজ করা মেনে নেওয়া হবে না।’
তিনি বলেন, এক মাস আগেও ১১ টাকা করে প্রতি টন সার ওঠানো-নামানো হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী শ্রমিকেরা ওই মজুরিতে চলতে পারেন না। যত দিন যাবে, মজুরি আরও বাড়ার কথা। তা না করে ১১ টাকার স্থলে মাত্র দুই টাকায় প্রতি টন সার ওঠানো-নামানো কোনো শ্রমিকের পক্ষে সম্ভব নয়। এই সংকট নিরসনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। প্রয়োজনে বাফার গুদাম এলাকায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।