মজুরি কমিশন কার্যকরের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের জুলাই থেকে সরকারি মজুরি কমিশন কার্যকরের দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের হাফিজ জুট মিলের শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টায় বার আউলিয়াস্থ কারখানার সামনে হাফিজ জুট মিল শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে তাঁরা অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে।অবরোধে কারখানার অন্তত ৫০০ জন শ্রমিক অংশ নেন। তাঁরা ২০১০ সালের পরিবর্তে ২০০৯-এর জুলাই থেকে মজুরি কমিশন কার্যকরের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকেরা রাস্তায় বসে পড়ার কারণে সড়কের দুই দিকে যানজট হয়। বার আউলিয়া হাইওয়ে পুলিশ এসে শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। পরে আধা ঘণ্টার অবরোধ শেষে মিছিল করতে করতে শ্রমিক-কর্মচারীরা হাফিজ জুট মিলে ফিরে যান।এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে হাফিজ জুট মিল শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো. হানিফ বলেন, ‘সরকার পে কমিশন কার্যকর করেছে ২০০৯ সালের জুলাই থেকে। কিন্তু গতকাল (সোমবার) সরকার মজুরি কমিশন অনুমোদন করে ২০১০ থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার কারখানা চত্বরে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানা গেছে।