মজুরি কমিশন ঘোষণা ও চাকরি নিয়মিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীন চারটি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণা এবং অস্থায়ী শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের কালুরঘাটের মোহরায় করপোরেশনের ফিডকো ফার্নিচার কমপ্লেক্সে এ সভা হয়।
সভায় বক্তারা বলেন, চারটি প্রতিষ্ঠানে প্রায় দেড় শ শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন ছাড়া অন্যরা অস্থায়ী। তাঁরা দৈনিক ভিত্তিতে ২২০ থেকে ২৩০ টাকা মজুরি পান। বারবার দাবি জানানোর পরও তাঁদের চাকরি নিয়মিত করা হয়নি। দৈনিক মজুরি অত্যন্ত কম হওয়ায় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
করপোরেশনের উৎপাদনের স্বার্থেই অস্থায়ী শ্রমিকদের চাকরিতে নিয়মিত করার দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, ২০১৩ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ওপর ২০ শতাংশ মহার্ঘ ভাতা এবং ২০১৫ সালের ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়। এরপর থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। কিন্তু বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীন কর্মরত শ্রমিকদের নতুন মজুরি স্কেল দেওয়া হয়নি। অবিলম্বে শ্রমিকদের জন্য নতুন মজুরি কমিশন গঠন করার দাবি জানান তাঁরা।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ফিডকো ফার্নিচার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেকান্দর মিয়া, সাধারণ সম্পাদক মো. হাছান আজাদ চৌধুরী, শ্রমিকনেতা মো. আবদুল লতিফ, মো. মোজাম্মেল হক, মো. সামশুল আলম, মো. মফিজুর রহমান, মো. দাদন মিয়া প্রমুখ।