মজুরি কমিশন ঘোষণার দাবিতে কর্ণফুলী পেপার মিলের এমডি ঘেরাও
মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিকুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার ঘেরাও করেন শ্রমিকেরা।জানা গেছে, কেপিএমের তিন শ্রমিক সংগঠন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, এমপ্লয়িজ ইউনিয়ন এবং ওয়ার্কার্স ইউনিয়নের নেতারাসহ সহস্রাধিক শ্রমিক-কর্মচারী সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমডির দপ্তরের সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা।ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং সভাপতি মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, কর্মচারীরা ২০০৯ সাল থেকে পে কমিশন ভোগ করলেও শ্রমিকদের জন্য সরকারের কাছে ভিন্ন সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। শ্রমিকদের জন্য ২০১১ সালের জুলাই থেকে পে কমিশন দেওয়ার সুপারিশ করা হয়েছে। ওই সুপারিশ প্রত্যাহার না করলে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাবেন।শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বলেন, আন্দোলনের অংশ হিসেবে ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন চার ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।কেপিএমের ভারপ্রাপ্ত এমডি সফিকুল ইসলাম বলেন, অন্যান্য প্রতিষ্ঠানে যদি ২০০৯ সাল থেকে মজুরি কমিশন বাস্তবায়িত হয়, তাহলে এখানেও একই সুবিধা দেওয়া হবে।