মজুরি কমিশন-ট্রেড ইউনিয়ন বাস্তবায়নের দাবি নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানায় সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখতে গাজীপুর জেলার বিভিন্ন অঞ্চলের শ্রমিকনেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে। সভায় নেতারা মজুরি কমিশন ও ট্রেড ইউনিয়ন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। গত বুধবার দুপুরে শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুরের পরিচালকের নলজানি এলাকার কার্যালয়ে এ সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পাঞ্চল পুলিশ-২-এর পরিচালক শোহেব আহমেদ। এতে র্যা ব-১-এর উপপরিচালক মহিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জাতীয় শ্রমিক ফেডারেশনের গাজীপুর শাখার সাধারণ সম্পাদক এম এ কাশেম বলেন, বেশির ভাগ কারখানায় শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়া হয় না। বেতন-ভাতার একাধিক শিট তৈরি করা হয়। বায়ারদের (ক্রেতা) দেখাতে শ্রমিকদের অধিক মজুরি-বেতনের শিট তৈরি করা হয়। বাস্তবে শ্রমিকদের জন্য কম মজুরি-বেতন-ভাতার শিট অনুসরণ করা হয়। এ বৈষম্য দূর না হলে কারখানায় শ্রমিক অসন্তোষ দূর হবে না।
বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বলেন, শ্রমিকেরা অধিক সময় কাজ করছেন, বিনিময়ে ন্যায্য বেতন-ভাতা পান না। ওই সব বেতন-ভাতা দাবি করলে মালিকেরা শ্রমিকদের বিরুদ্ধে মামলা-হামলা করেন। আসলে শ্রমিকেরা পেটের দায়ে আন্দোলনে নামেন, রাস্তায় নামেন। কিছু কিছু এনজিও আছে যারা শ্রমিক অসন্তোষের বিষয়ে কারখানার মালিকদের না জানিয়ে বিদেশে বায়ারদের জানিয়ে দেয়। এ বিষয়ে এনজিওদের সতর্ক করতে হবে। দ্রব্যমূল্যের বর্তমান অবস্থার ভিত্তিতে মজুরি বোর্ড তথা কমিশন গঠন করা খুবই জরুরি। তিনি বলেন, শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করতে চাইলে কারখানা কর্তৃপক্ষ তা দিচ্ছে না।
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের গাজীপুর কমিটির সভাপতি ফেরদৌসী বেগম বলেন, বর্তমানে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বাড়িভাড়ার বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। শুধু তা-ই নয়, বিভিন্ন কারখানা শ্রমিক আইন মানে না। গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো. জনি সরকার বলেন, কারখানাগুলোতে অসন্তোষ রোধে পোশাকশ্রমিক নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সেল গঠন করতে হবে।