মজুরি কমিশনের দাবিতে কর্ণফুলী পেপার মিলে তালা
শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি কমিশন ঘোষণা ও এর বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) তালা ঝুলিয়ে দেওয়া হয়। সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত প্রধান দুই ফটক বন্ধ থাকায় এ সময় কর্মকর্তারাসহ কেউই কারখানায় প্রবেশ করতে পারেননি। কেপিএম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘আমরা সকাল আটটার আগে কারখানায় যাই। কিন্তু ফটক বন্ধ থাকায় সেখানে ঢুকতে পারিনি। দুই শতাধিক কর্মকর্তা ফটকের বাইরে দাঁড়িয়ে ছিলেন।’ নিরাপত্তা কর্মকর্তা শাহাবউদ্দীন আজাদকেও তালা না খোলা পর্যন্ত বাইরে অপেক্ষা করতে দেখা যায়।কেপিএম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গত মঙ্গলবার তাঁরা দুই হাজার শ্রমিক-কর্মচারী আট কিলোমিটার রাস্তা মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল কারখানার প্রধান ফটকে মো. ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাকসুদুর রহমান, তৌহিদ আল মাহমুদ, মো. শাহজাহান, মো. সোলায়মান ও মো. জসিম উদ্দিন।