মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের দবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে দেশের সব শিল্প-কারখানা ২০, ২১ ও ২২ মার্চ ৭২ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা দিয়েছে সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন সমন্বয় পরিষদ এই ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থা এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন সংস্থার চারটি শ্রমিক ফেডারেশন ও ৬৪ ইউনিয়ন সমন্বয়ে গঠিত এই পরিষদ গঠিত হয়েছে। সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, সরকারি শ্রমিক ও কর্মচারীদের মধ্যে মজুরিবৈষম্য দূর করতে হবে। ১৯৭৩ সালে ঘোষিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দিতে হবে। এ ছাড়া শ্রমিক ও কর্মচারীর মজুরির বার্ষিক প্রবৃদ্ধির সমতা আনতে হবে। তাঁরা ২০০৯ সালের ১ জুলাই থেকে সপ্তম জাতীয় মজুর কমিশনের দাবি জানান।সংবাদ সম্মেলনে ১৪ ও ১৮ মার্চ আঞ্চলিক সমাবেশ, ১৯ মার্চ দুই ঘণ্টা রাজপথ ও রেলপথ অবরোধ এবং ২০, ২১ ও ২২ মার্চ সব কারখানা ও প্রতিষ্ঠানে ৭২ ঘণ্টা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের নেতা সিরাজুল ইসলাম খান।