মজুরি ও উত্পাদনশীলতা কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন না হলে তা রাষ্ট্রীয় খাতের কর্মচারীরা কোনোভাবেই মেনে নেবে না।গতকাল রাজধানীর তোপখানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ কথা জানান। তাঁরা শ্রম আইন-২০০৬ দ্রুত সংশোধনের দাবি জানান। লিখিত বক্তব্যে স্কপ নেতা এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার বলেন, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী, ২০০৬ সালের শ্রম আইনের সংশোধন করা হবে। সরকার ক্ষমতায় এসে শ্রম আইন সংশোধনী কমিটি করে বলেছিল, ছয় মাসের মধ্যে তা চূড়ান্ত করবে। সেই সময় অতিক্রান্ত হওয়ার তিন মাস পার হয়ে গেলেও তা আলোর মুখ দেখেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কপের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের হাওলাদার, ওয়াজেদুল ইসলাম খান, চৌধুরী আশিকুল আলম, আমিরুল হক আমিন, জাফরুল হাসান, রায় রমেশ চন্দ্র ও শহিদুল্লাহ চৌধুরী।