মজুরি খেটেও ভালো ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতে কাজ করার পাশাপাশি লেখাপড়া করেছে আদিবাসী মনোতোষ হেমব্রেম। বাবার সঙ্গে ঠেলাগাড়ি ঠেলেছে মোহাম্মদ আলী। সংসারের খরচ জোগাতে আচার তৈরি করেছে আলমিনা সিদ্দিকা। দিনমজুরি করেছে নূর আলম ও দীপন রায়। মানুষের বাড়িতে থেকে লেখাপড়া করেছে মো. মুসা। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে দরিদ্র পরিবারের এসব সন্তানেরা নিজেদের নিয়ে গেছে অন্য উচ্চতায়। আজ আমরা তাদের গল্প শুনব।

হতদরিদ্র পরিবার থেকে জিপিএ-৫ পাওয়া এমন শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট ‘অদম্য মেধাবী তহবিল’ থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

শিক্ষক হতে চায় মনোতোষ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বেনিপুর সাঁওতাল গ্রামের মনোতোষ হেমব্রেম খেতে কাজ করার পাশাপাশি লেখাপড়া করে স্থানীয় ভেরেন্ডি উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে প্রথমবারের মতো ২০১০ সালে এ গ্রামেরই মেয়ে ছায়া টুডু জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। মনোতোষ হেমব্রম জানায়, ছায়া টুডুর সাফল্যের ঘটনা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে শিক্ষক হতে চায়। তার বাবার নাম পরেশ হেমব্রম।

ঠেলাগাড়ি ঠেলে সাফল্য: কেরোসিন কিনতে না পরায় কুপিবাতি জ্বালিয়ে রাতে পড়তে পারত না মোহাম্মদ আলী। প্রায়ই বাবার সঙ্গে তাকে ঠেলাগাড়ি চালাতে যেতে হতো। শেরপুরের নালিতাবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকার শামসুল হকের ছেলে মোহাম্মদ আলী। ছনের একটি ছোট ঘরে মা, বাবা ও তিন ভাইবোনের সঙ্গে থাকে সে।

আচার বানিয়ে লেখাপড়া: দরিদ্র পরিবারের সন্তান আলমিনা সিদ্দিকা। তার বাবা আবুল হোসেন ফেরি করে আচার ও চানাচুর বিক্রি করেন। সংসারে অভাব থাকায় ছোটবেলা থেকেই খুব সকালে উঠে মা চায়না বেগমের সঙ্গে আচার ও চানাচুর তৈরি করত সে। তাদের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য কাদমা গ্রামে। সে উপজেলার ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। আলমিনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, মেয়েটি খুব মেধাবী। সহায়তা পেলে ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল করতে পারবে।

দিনমজুরি করে পড়েছে নূর: নূর আলমের বয়স যখন তিন, তখন তার বাবা মহসিন আলী অন্যত্র বিয়ে করে চলে যান। ছেলেকে নিয়ে নূরভানু কুড়িগ্রামের উলিপুর উপজেলার কালুডাংগা গ্রামে তাঁর ভাই রিকশাচালক ছাবেদ আলীর বাড়িতে আশ্রয় নেন। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল নূরের। তাই সংসারের খরচ জোগানোর জন্য সে দিনমজুরি করার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে গেছে। সে উলিপুর কালুডাংগা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে নূর।

জায়গির থেকে লেখাপড়া: ‘অভাবের লাইগ্যা খাওন-পরনেই কষ্ট অইত। নবম শ্রেণীতে ওঠার পর ল্যাহাপড়া বন্ধ কইর‌্যা দেতে অয়। স্কুলে যাওনও ছাইড়্যা দেই। এই খবর হুইন্যা একদিন হেড স্যার ছাত্র পাডাইয়া স্কুলে ডাইক্যা নেয়। হেড স্যারে মোর কষ্টের কতা হুইন্যা কয়, তোর ল্যাহাপড়া ক্যামনে চলবে হেইয়া আমি দেখমু। হে আমারে একটা বাড়িতে লজিং থাকার ব্যবস্থা করে। হেই বাড়িতে থাইক্যা পরীক্ষা দিছি। হ্যার লাইগ্যাই এত দূর আইতে পারছি।’ কথাগুলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া ছাত্র মো. মুসার। সে উপজেলার আজিমপুর গ্রামের রাজমিস্ত্রি মো. ইউসুফের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে চতুর্থ।

কথা রেখেছে দীপন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের দিনমজুর ছাদ মিয়ার ছেলে দীপন মিয়া। অভাবের সংসার, নবম শ্রেণীতে ওঠার পর লেখাপড়া বন্ধ করে দিনমজুরি শুরু করে সে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল সে। তাই শিক্ষকেরা তাকে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। সে এবার জামালগঞ্জ মডেল উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছে। প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন, ‘দীপন পড়ালেখায় খুব ভালো। এ কারণেই আমরা তাকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনি। আমাদের সেই উদ্যোগ সফল হয়েছে।’

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ; আবদুল মান্নান, নালিতাবাড়ী (শেরপুর); আবদুর রব, লালমনিরহাট; মঞ্জুরুল হান্নান, উলিপুর (কুড়িগ্রাম); নেছারউদ্দিন আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) এবং খলিল রহমান, সুনামগঞ্জ]