মজুরি দাবি, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে হতাহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাস ও বকেয়া মজুরি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন।

আজ শুক্রবার বিকেলে ওই বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্বজনেরা অংশ নেন।

বিকেল পাঁচটার দিকে দেড় শতাধিক শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্বজনেরা ধসে পড়া রানা প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির নেতারা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে সমাবেশ করে।

রানা প্লাজার আহত শ্রমিক সোলায়মান বলেন, ঘটনার তিন মাস পার হয়ে গেলেও আহত শ্রমিকদের বিষয়ে সরকার বা তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনেক শ্রমিক অর্থের অভাবে তাঁদের চিকিত্সা করাতে পারছেন না।

রানা প্লাজার নিউ ওয়েব স্টাইল কারখানার শ্রমিক আকলিমার বক্তব্য, ভবন ধসে তাঁর বড় বোন মারা গেছেন। ঘটনার পর থেকে তিনিও কর্মহীন। এ কারণে তাঁদের পরিবারে মারাত্মক অর্থকষ্ট দেখা দিয়েছে। অর্থের অভাবে তাঁর ছোট বোনের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। বড় বোনের মৃতদেহ খুঁজতে গিয়ে আহত হয়ে পড়া মায়ের চিকিত্সা করাতে না পারায় তিনি এখন পঙ্গু হওয়ার পথে।

সমাবেশ থেকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম আগামী ৭ আগস্টের মধ্যে সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাসসহ রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানান।

সমাবেশে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।