মজুরি না থাকায় গৃহস্থালি কাজ মূল্যহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসার স্বামী-স্ত্রীর দুজনার হলেও গৃহস্থালির কাজকে শুধু নারীর কাজ হিসেবে দেখা হয়। গৃহিণীকে দিন শেষে স্বামীর কাছে শুনতে হয়, ‘সারা দিন ঘরে করোটা কী?’ সন্তানকে তোমার মা কী করেন জানতে চাইলে উত্তর দেয়, ‘কিছু করে না।’ মজুরি না থাকায় গৃহস্থালি কাজকে কেবল নারীর দৈনন্দিন ও মূল্যহীন কাজ ভাবা হয়। এমনকি ঘরের কাজকে কেন্দ্র করে নির্যাতন ও সহিংসতার ঘটনাও ঘটছে।
গতকাল ‘নারীর মজুরিবিহীন শ্রম: মূল্যায়ন ও স্বীকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কথাগুলো বলেন বক্তারা। মানুষের জন্য, ইউকে এইড ও মাত্রার সহযোগিতায় নিজ কার্যালয়ে এর আয়োজন করে দৈনিক ইত্তেফাক।
বক্তারা বলেন, নারীরা একই সঙ্গে উৎপাদনমূলক, প্রজনন এবং সামাজিক দায়িত্ব পালন করছেন। গৃহস্থালি কাজের মধ্য দিয়ে তাঁরা পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন। কৃষিক্ষেত্রের ৬০ শতাংশ ও ধান উৎপাদনের মোট ২৩টি কাজের ১৭টি কাজের সঙ্গে নারী সরাসরি যুক্ত। তবু তাঁরা মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারছেন না। নারীর কাজের মূল্যায়নহীনতাই এর কারণ।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাঁদের সমাজের মূলধারায় আনতে না পারলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এ জন্য সরকার-বেসরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। বৈঠকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার বলেন, কর্মজীবী নারীদের সন্তানেরা পড়াশোনায় এগিয়ে থাকে, সুস্বাস্থ্যের অধিকারী হয়। কারণ, জীবন সম্পর্কে কর্মজীবী নারীদের স্পষ্ট বাস্তব জ্ঞান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক বলেন, শ্রম আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে ২৫ জন নারীকর্মী থাকলে দিবা-যত্ন কেন্দ্র থাকতে হবে। এতে প্রাতিষ্ঠানিকভাবে সন্তান পালন নারীর কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা কাম্য নয়। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটিকে ‘অ্যাকটিভ সার্ভিস’ হিসেবে দেখতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, গৃহস্থালি কাজের মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত করা না গেলেও স্বীকৃতি দিতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। এতে বিভিন্ন সংগঠনের নারীনেত্রী, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিনয়শিল্পী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।