মজুরি না বাড়ালে শ্রমিকেরা আবারও রাস্তায় নামবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকাংশ কারখানায় শ্রম আইন মানা হয় না। শ্রমিকদের দেওয়া হয় না ট্রেড ইউনিয়নের অধিকার। শ্রমিকদের এ ন্যায্য অধিকার হরণ করে তাদের নব্য দাসে পরিণত করা হয়েছে। এটা চলতে পারে না।চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে। কিন্তু এর সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের মজুরি বাড়ানো হয় না। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। তাদের মজুরি বাড়াতে হবে। তা না হলে বাঁচার তাগিদে শ্রমিকেরা রাস্তায় নামবে। প্রয়োজনে আরও শ্রমিক বুকের রক্ত দেবে।নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্পনগরে গতকাল শুক্রবার বিকেলে শ্রমিক আমজাদ হোসেনের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। রপ্তানিমুখী প্যানটেক্স ড্রেসেস লিমিটেডের শ্রমিক আমজাদ ২০০৩ সালের ৩ অক্টোবর শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন।বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন শ্রমিকনেতা নূর হোসেন সর্দার। এতে অন্যদের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাবুব ইসমাইল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।বক্তারা আরও বলেন, আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ২০০৩ সালের ৩ অক্টোবর আন্দোলনে নামে শ্রমিকেরা। তখন প্যানটেক্স ড্রেস লি. গার্মেন্টস মালিকের ভাড়াটে বাহিনী ও পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে শ্রমিক আমজাদকে হত্যা করে। বক্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, এভাবে গুলি চালিয়ে শ্রমিকদের লাশ ফেলা যাবে, কিন্তু তাদের ন্যায্য আন্দোলন থামানো যাবে না। শ্রমিকদের দাবি মানতেই হবে।