মজুরি না মিললেও পাটকল শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখের আগে বকেয়া মজুরি পরিশোধের কথা থাকলেও গতকাল বুধবার তা পাননি খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকেরা। তবে পাট মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকের পর শ্রমিকনেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
বৈঠকে অংশ নেওয়া শ্রমিকনেতারা বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকেরা এত দিন যে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক তা পূরণের আশ্বাস দিয়েছেন। ১৭ এপ্রিল রোববারের মধ্যে তিন থেকে চার সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধও করা হবে। তা ছাড়া আলীম জুট মিলের রাষ্ট্রীয়করণ, পাটকলগুলোর আধুনিকায়ন ও কারখানাগুলোর জন্য সময়মতো পাট কেনারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাই আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শ্রমিকেরা আগের মতো মিলগুলোতে কাজ শুরু করবেন।
পাটকলশ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও মিলগুলোর পাট কেনার জন্য প্রধানমন্ত্রী গত সোমবার ১ হাজার কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন। এ সময় পয়লা বৈশাখের মধ্যে বকেয়া বেতন পরিশোধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু পাওনা হাতে বুঝে পাওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকেরা ধর্মঘট ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন। গতকাল অষ্টম দিনের মতো ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘট ও রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচি শুরু হয়। খুলনার খালিশপুর নতুন রাস্তা মোড়, আটরা গিলাতলা ও যশোরের অভয়নগরের রাজঘাট শিল্প এলাকার সাতটি পাটকলের শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করেন।
শ্রমিকনেতারা জানান, অবরোধের মধ্যেই গতকাল বেলা দুইটায় ঢাকায় পাট মন্ত্রণালয়ে খুলনা সিবিএ-নন সিবিএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পাটমন্ত্রী ও প্রতিমন্ত্রী। দুই ঘণ্টার বেশি সময়ের বৈঠকের পর বিকেল পাঁচটায় অবরোধ ও ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন শ্রমিকনেতারা।
এ বিষয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী পাটকলশ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সদস্যসচিব জাকির হোসেন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘খুলনাঞ্চলের পাটকলগুলোর সমস্যা অন্য অঞ্চলের পাটকলগুলোর থেকে ভিন্ন। এ কারণে আমরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে গতকাল (বুধবার) বৈঠক করি। বৈঠকে মন্ত্রীরা আমাদের দাবিগুলোর যৌক্তিকতা চিন্তা করে তা মেনে নিয়েছেন। আমরা আশাও করছি, তাঁরা দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবেন।’
প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও মঙ্গল ও বুধবার অবরোধ অব্যাহত রাখার কারণ হিসেবে শ্রমিকেরা বলছেন, এর আগেও প্রধানমন্ত্রী তাঁদের দাবি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে অর্থ প্রদানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়ে কোনো উদ্যোগ আর নেওয়া হয়নি। তাই স্ব স্ব মিলের ব্যাংক হিসাবে অর্থ প্রবেশ এবং দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে বলে সিদ্ধান্ত হয়।
প্রতিশ্রুতি মোতাবেক পয়লা বৈশাখের মধ্যে মজুরি পরিশোধ না হলেও আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঐক্য পরিষদের নেতা জাকির হোসেন বলেন, ‘আগামীকাল (আজ বৃহস্পতিবার) সব ব্যাংক বন্ধ থাকবে। তা ছাড়া টাকা ছাড় করার প্রক্রিয়াও অনেক জটিল। ...তবে মন্ত্রণালয় রোববারের মধ্যে তিন থেকে চার সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের কথা বলেছে। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।’
আন্দোলনে বিপুল ক্ষতি: শ্রমিক ধর্মঘটের গত ১০ দিনে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি)। প্রতিদিন লোকসান হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকার বেশি। তা ছাড়া উৎপাদন না হলেও শ্রমিকদের ঠিকই মজুরি দিতে হবে। তাই লোকসান আরও বাড়বে। নাম প্রকাশ না করার শর্তে বিজেএমসির খুলনা অঞ্চলের একজন কর্মকর্তা প্রথম আলোকে এসব কথা বলেছেন।
পাট খাতে প্রয়োজনীয় অর্থছাড়, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও বেতন-কমিশনের মতো অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন পাটকলশ্রমিকেরা।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলের শ্রমিক-কর্মচারীরা গতকাল ভোর ছয়টা থেকে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেন। এর আওতায় পাটকলের উৎপাদন বন্ধ রেখে তাঁরা যশোর-খুলনা মহাসড়ক ও রেলপথে অবস্থান নেন। ফলে খুলনা থেকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পর্যন্ত মহাসড়কে কোনো যানবাহন চলেনি। লোকজন ভ্যান-রিকশা ও হেঁটে যাতায়াত করেন। অবরোধের কারণে ট্রেনগুলো খুলনার পরিবর্তে নওয়াপাড়া থেকে ছেড়ে যায় এবং নওয়াপাড়ায় এসে থেমে যায়।
জেজেআইয়ের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঢাকায় পাট মন্ত্রণালয়ে শ্রমিকনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হওয়ায় বিকেলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। আজ থেকে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দেবেন।