মজুরি নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত শ্রমিকেরা মানবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের মজুরি-সম্পর্কিত মন্ত্রিসভার সিদ্ধান্ত শ্রমিকেরা মানবেন না বলে জানিয়েছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) সভাপতি শহীদুল্লাহ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করে অর্থ মন্ত্রণালয়ের কারসাজিতে মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা মেনে নিলে শ্রমিকেরা তাঁদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হবে। বিক্ষুব্ধ শ্রমিকদের কারণে শিল্প-কারখানা প্রতিষ্ঠানে একটি বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে। সভায় উপস্থিত ছিলেন রায় রমেশ চন্দ্র, জাফরুল হাসান, শফিউদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।