মজুরি পাচ্ছেন না ১৫০ নারী শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা, ঘরোত একনা চাউলও নাই, হামার চাকরির বেতনেরও খবর নাই। দোকানি টাকা না হইলে চাউল দেয়ছে না। দুই দিন থাকি রাস্তাত মাটি কাটিছুনু মুই না খায়া। তোমরা হামার কষ্টের কথাটা দয়া করি লেখি দেও। তাকে দেখি হামাক তাড়াতাড়ি বেতন পাঠে দেউক।’কথাগুলো বলছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মজুরিভিত্তিক শ্রমিক মুক্তা বেগম। প্রতিদিন রাস্তা সংস্কারের কাজ করলেও বেতন পাচ্ছেন না তিনি। চার মাস থেকে বেতন না পাওয়ায় তাঁর মতো এলজিইডির আরও ১৫০ জন নারী শ্রমিক কষ্টে দিন কাটাচ্ছেন।এলজিইডির তারাগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরইআরএমপি) আওতায় একজন শ্রমিক দৈনিক ৯০ টাকা মজুরিতে মাটি কাটার কাজ করেন। প্রকল্পটি ২০০৮ সাল থেকে শুরু হয়েছে। এ প্রকল্পে ১৫০ জন নারী শ্রমিক সপ্তাহে ছয় দিন কাজ করেন। তাঁরা বিধবা, স্বামী পরিত্যক্তা। তাই তাঁদের পরিবারের বিকল্প আয়ের কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় ২০১১ সালের নভেম্বর থেকে বেতন বন্ধ থাকায় তাঁরা এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।ইকরচালী ইউনিয়নের নারী শ্রমিক জমিলা খাতুন বলেন, ‘বেতন না পাওয়ায় মুই ১৫ দিন থাকি খালি আলু ঊষা খায়া মাটি কাটার কাম করিছুনু। আগের তিন হাজার টাকা শোধ কইরবার না পাওয়ায় লজ্জায় দোকানির গোরত চাউল আইনবার যাবার পাইছুনু না।’আলমপুর ইউনিয়নের আরেক নারী শ্রমিক লিলিফা বেগম জানান, এই প্রকল্পের সব নারী শ্রমিক গ্রামের লোকজনের কাছ থেকে ধারদেনা ও দোকানে বাকিতে চাল কিনে চলছে। চার মাস বেতন না পাওয়ায় পাওনাদারেরা আর ধার-চাল দিতে চাইছেন না।উপজেলা প্রকৌশলী সফিউল আলম জানান, ওই প্রকল্পের টাকা বরাদ্দ না পাওয়ায় নভেম্বর মাস থেকে ওই সব দুস্থ নারী শ্রমিককে মজুরির টাকা দেওয়া সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে।