মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদরে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন পাওয়ারলুম শ্রমিকেরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের পাশে শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। ওই সময় বিক্ষোভকারীদের ঢিলে পুলিশের পিকআপ ভ্যানের সামনের কাচ ভেঙে যায়।
থানা-পুলিশ, পাওয়ারলুম মালিক ও শ্রমিক সূত্র জানায়, কাঁঠালিয়া এলাকায় ছোট-বড় ৩০টি পাওয়ারলুম রয়েছে। সেখানে ডৌকাদি, দড়িকান্দি ও কাঁঠালিয়া এলাকার শ্রমিকেরা প্রতি গজ কাপড় উৎপাদনে এক টাকা ৪০ পয়সা মজুরি পান। তাঁরা গজপ্রতি আরও ২০ পয়সা মজুরি বাড়ানোর দাবি করছেন।
গতকাল সন্ধ্যায় আশপাশের বিভিন্ন পাওয়ারলুমের প্রায় দুই হাজার শ্রমিক কাঁঠালিয়া ইউপি ভবনের পাশে জড়ো হন। সেখানে তাঁরা ইউনিয়নের প্রধান সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে মাধবদী পুলিশ ফাঁড়ি থেকে কিছু পুলিশ গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করলে তাঁরা ধাওয়া দেন। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের পিকআপ ভ্যানের সামনের কাচ ভেঙে যায়। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পরে নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে আবার পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।