মজুরি বাড়াতে মালিক ও চা-শ্রমিক সমঝোতা
মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে চা-বাগানের মালিকদের সঙ্গে শ্রমিকদের সমঝোতা স্মারক সই হয়েছে। গত মঙ্গলবার ঢাকার মহাখালীতে বাংলাদেশি চা সংসদের কার্যালয়ে চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে মালিকপক্ষের প্রতিনিধিদের বৈঠকের পর ওই সমঝোতা স্মারক সই হয়।
এতে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬৯ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা, রোববার সাপ্তাহিক ছুটির দিনে মজুরি প্রদান, শ্রমিকদের অসুস্থতাজনিত কারণে পূর্ণ মজুরিসহ বছরে ২০ দিনের ছুটি প্রদান, আনুতোষিক (গ্র্যাচুইটি), গোষ্ঠীবিমা, বছরে দুটি উৎসব ভাতা হিসেবে ২ হাজার ৭৫০ টাকা প্রদান, অস্থায়ী শ্রমিকদের সমান মজুরি প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা উল্লেখ আছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, প্রতি দুই বছর অন্তর চা-শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে চা-বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশি চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়। সে সময় নতুন করে চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বশেষ ২০০৯ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশি চা সংসদ (বিটিএ) এবং চা শ্রমিক ইউনিয়নের মধ্যে চুক্তির মাধ্যমে নির্ধারিত মজুরির মেয়াদ ছিল ২০১১ সালের ৩১ আগস্ট পর্যন্ত। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চা-শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে।
বিটিএর সচিব কাজী মোজাফফর আহমদ মুঠোফোনে বলেন, সমঝোতা স্মারক অনুমোদনের জন্য বিটিএর মূল কমিটির কাছে পাঠানো হয়েছে। অনুমোদনের পর দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে।