মজুরি বাড়ানোর দাবি দরজিদের
মজুরি বাড়ানোর দাবিতে আজ বুধবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল–সংলগ্ন মাঠে সমাবেশ করেছেন সদরঘাটের ইস্ট বেঙ্গল ও লেডিস মার্কেটের দরজিশ্রমিকেরা। সমাবেশ শেষে তাঁরা ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ১৫ বছর ধরে সদরঘাট অঞ্চলে দরজিশ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। দরজিশ্রমিকেরা বেশির ভাগ উৎপাদন ভিত্তিতে (পিস রেটে) কাজ করেন। তাঁদেরকে ফুল শার্ট সেলাই বাবদ মাত্র ১৩ টাকা আর হাফ শার্ট সেলাই বাবদ মাত্র ১১ টাকা মজুরি দেওয়া হয়। অথচ এসব শার্ট খুচরা বাজারে গড়ে দুই শ থেকে আড়াই শ টাকা দামে বিক্রি হয়।
বক্তারা বলেন, ১৫ বছরে দ্রব্যমূল্য, বাড়িভাড়া, গাড়িভাড়া, গ্যাস ও বিদ্যুতের দাম বহুগুণ বেড়েছে। এখন শ্রমিকদের ফুল শার্ট সেলাই ৩০ টাকা ও হাফ শার্ট সেলাই ২৫ টাকা মজুরি নির্ধারণ করতে হবে।
বক্তারা আরও বলেন, সদরঘাট এলাকার রেডিমেড দরজিশ্রমিকেরা মজুরির হার বাড়ানোর দাবিতে শ্রমিক–কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে তিন মাস ধরে আন্দোলন করে আসছে। কিন্তু এখন পর্যন্ত মজুরি বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি মালিকপক্ষ। বারবার সময় নিয়ে কালক্ষেপণ করছেন। অন্যদিকে শ্রমিক সংগঠকদের ছাঁটাই-মামলাসহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। আগামী ৫ মের মধ্যে মজুরি বাড়ানোর উদ্যোগ নেওয়া না হলে শ্রমিকেরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
বাংলাদেশ শ্রমিক–কর্মচারী ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি ফখরুদ্দীন কবিরের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ শ্রমিক–কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, ছাত্র ফ্রন্ট নেতা মাসুদ রানা, দরজিশ্রমিক নেতা আবীর মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল, কোতোয়ালি থানা, পাটুয়াটুলী, বাংলাবাজার হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন শ্রমিকেরা। সেখান থেকে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তাঁর পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী এমদাদুল ইসলাম।