মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের শ্রমিকেরা। এতে করে রাষ্ট্রায়ত্ত এ কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কারখানা সূত্রে জানা যায়, গতকাল সকালে তিন শতাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ফটকে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আবু হানিফ সকাল আটটায় ঘটনাস্থলে গিয়ে বেতন বৃদ্ধির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরও শ্রমিকেরা আন্দোলনে অনড় থাকেন। বেলা দুইটা পর্যন্ত তাঁরা কর্মসূচি পালন করে ঘটনাস্থল ত্যাগ করেন। কারখানার দ্বিতীয় পালায়ও কোনো শ্রমিক কাজে যোগ দেননি।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, বিভাগভেদে তাঁদের দিনপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা মজুরি দেওয়া হয়। মাস শেষে একজন শ্রমিক আড়াই হাজার থেকে তিন হাজার টাকা বেতন পান, যা দিয়ে চলা কঠিন। মজুরি বাড়িয়ে দিনপ্রতি ৩০০ টাকা করার জন্য এক বছর ধরে তাঁরা দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের কথায় কর্ণপাত করছে না কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।
কারখানার শ্রমিক হালিমা খাতুন বলেন, তিনি কারখানার নিজস্ব আবাসস্থলে থাকেন। সেখানে ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করা হয়। কারখানায় কমপক্ষে ১৫ দিন কাজ করলে তাঁকে ৫০০ টাকা ভাড়া দিতে হয়। তার কম হলে দিতে হয় ৭০০ টাকা। ভাড়ার পাশাপাশি দিতে হয় বিদ্যুৎ বিল। সব বাদ দিয়ে যে টাকা থাকে, তা দিয়ে একপ্রকার আধা পেট খেয়ে তাঁদের দিন কাটে।
শ্রমিক তাছিরন খাতুন বলেন, তিনি ১০ বছর এ কারখানায় কাজ করছেন। দৈনিক আট ঘণ্টা কাজ করে তিনি মজুরি পান মাত্র ১২০ টাকা। এর ওপর বিদ্যুৎ না থাকলে ঘণ্টা হিসেবে টাকা কেটে রাখা হয়। পঙ্গু স্বামী ও তিন মেয়ে নিয়ে কষ্টে তাঁর সংসার চলে।
কারখানার শ্রমিক নেত্রী রেক্সোনা বলেন, দেশের কোথাও এত কম মজুরি নেই। তাঁরা যে বেতন পান, তাতে ঘরভাড়াই ওঠে না। দুমুঠো ভাত না পেলে তাঁরা কাজ করবেন কেন? দৈনিক বেতন ন্যূনতম ৩০০ টাকা করার দাবি জানান তিনি। আগামী তিন দিনের মধ্যে এ দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে।
মিলের মহাব্যবস্থাপক আবু হানিফ বলেন, এটি রাষ্ট্রায়ত্ত কারখানা। মিলটি বর্তমানে লোকসানে থাকায় সরকার ভর্তুকি দিয়ে চালাচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবি তুলেছেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। সেখান থেকে সিদ্ধান্ত এলেই বেতন বৃদ্ধি করা হবে।