মজুরি বাড়ানোর দাবিতে ভাঙচুর কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার কলমা এলাকার একটি সোয়েটার তৈরির কারখানায় মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার ভাঙচুর চালিয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।জানা যায়, সোয়েটার প্রতি মজুরি বাড়ানোর দাবিতে গত বুধবার সকালে হট ড্রেস লিমিটেড কারখানার নিটিং শাখার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দেন। তবে কয়েক শ শ্রমিক কারখানার বাইরে অবস্থান নেন। তাঁরা নিজেদের মধ্যে আলোচনার একপর‌্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল সোয়া আটটার দিকে ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সাততলায় গিয়ে আসবাব ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেন।ছুটির পর সকাল পৌনে নয়টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। অনেকেই বাড়ি চলে গেলেও কিছু শ্রমিক সংঘবদ্ধ হয়ে আবারও কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর‌্যায়ে শ্রমিকেরা পিছু হটলে বেলা ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকেরা দাবি করেন, এ সময় ১০ জন শ্রমিক আহত হন।কারখানার ব্যবস্থাপক (সমন্বয়) মিজানুর রহমান খান জানান, উদ্ভূত পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ও আগামী শনিবার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার মালিকপক্ষ শ্রমিক ও বিজিএমইএ কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।