মজুরি বৃদ্ধির দাবি সাতক্ষীরায় দরজি শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ঈদ উপলক্ষে প্যান্ট-শার্ট, পাঞ্জাবি, সালোয়ার-কামিজসহ কোনো পোশাক তৈরি করা যাচ্ছে না। পোশাক তৈরির মজুরি বাড়ানোসহ ১৪ দফা দাবিতে দরজি শ্রমিকেরা গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে মানুষ সমস্যায় পড়েছে। 

পোশাক তৈরিতে অপারগতা প্রকাশ করে গত রোববার জেলা পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে। ইতিমধ্যে যারা টেইলার্সে পোশাক তৈরি করতে দিয়েছেন, তাঁদের কাপড় ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ জানানো হয়েছে।

জেলা পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক জানান, সাতক্ষীরা শহরে ৪২টি টেইলার্সে (পোশাক তৈরির কারখানা) তিন শতাধিক শ্রমিক কাজ করেন। প্রতিবছর ঈদ এলেই তাঁরা ধর্মঘটের ডাক দেন। ২০১২ সালের জুলাইয়ে দুই বছরের জন্য কার্যকর মজুরি নির্ধারণ করে শ্রমিকদের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু এক বছর যাওয়ার আগেই ফের শ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন।

জেলা দরজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফফর রহমান বলেন, গত বছরের চুক্তি ছিল সাময়িক। জিনিসপত্রের দাম বেড়েছে। বাজারদর অনুযায়ী শ্রমিকদের মজুরি দিতে হবে। মালিকদের সঙ্গে আলোচনার জন্য ৪ ও ১১ জুলাই পৃথক দুটি চিঠি দেওয়া হয়। কিন্তু তাঁরা আলোচনায় না বসায় তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন।

সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাছিম ফারুক খান বলেন, ২০১২ সালের ২৪ জুলাই তাঁর উপস্থিতিতে দরজি শ্রমিক ও পোশাক কারখানার মালিকদের মধ্যে দুই বছর মেয়াদি চুক্তি হয়। সেই সময় পার হওয়ার আগেই ধর্মঘটে যাওয়া অনভিপ্রেত।