মজুরি বৃদ্ধির দাবিতে খুলনায় জুট প্রেসের শ্রমিকদের ধর্মঘট
মজুরি বৃদ্ধির দাবিতে খুলনার ১৪টি জুট প্রেসের ১২ হাজার শ্রমিক গতকাল সোমবার ধর্মঘট পালন করেছেন। ধর্মঘটের কারণে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বিজেএ কর্তৃপক্ষ দাবি করেছে। শ্রমিকদের সূত্রে জানা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকেরা প্রতি বেল কাটিং ও বোঝাই বাবদ ১১ থেকে বাড়িয়ে ২২ টাকা করার দাবি জানিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) দাবি মেনে না নেওয়ায় তাঁরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের ধর্মঘট কর্মসূচিতে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন সমর্থন জানিয়েছে। শ্রমিকেরা জানান, পাটের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেলেও তাঁরা আগের মজুরিতেই কাজ করছেন। জানতে চাইলে বিজেএ খুলনা শাখার আহ্বায়ক শেখ কাওছার আলী প্রথম আলোকে বলেন, মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে। মঙ্গলবারও (আজ) আলোচনার কথা রয়েছে। আলোচনা শেষ হওয়ার আগেই শ্রমিকেরা ধর্মঘটে গিয়ে ব্যাপক ক্ষতি করে ফেলেছেন। তিনি দাবি করেন, ধর্মঘটে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।