মজুরি বৃদ্ধির দাবিতে সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, হামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকালে উৎপাদন-মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকেরা কারখানার কর্মকর্তাদের ওপর হামলা চালান। এতে ১০ জন আহত হন। ঘটনার পর থেকে গতকাল ওই কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এদিকে তথ্যের জন্য সাংবাদিকেরা আদমজী ইপিজেডের ভেতরে যেতে চাইলে বেপজার কর্মকর্তারা তাঁদের বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, আদমজী ইপিজেডের হাইলেন সোয়েটার কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন। গতকাল সকালে তাঁরা উৎপাদন-মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার কর্মকর্তাদের ওপর হামলা চালান। হামলায় কারখানার সুপারভাইজার জাকির হোসেন, ফ্লোর ইনচার্জ সোহাগ ও রফিক গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের এসআই নাজমুল আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে জাকির হোসেন, সোহাগ ও রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইলেন সোয়েটার কারখানার ব্যবস্থাপক কামরুজ্জামান মিলন গতকাল বিকেলে জানান, শ্রমিকেরা কারখানার সুপারভাইজার ও কর্মকর্তাদের ওপর হামলা চালালে ১০ জন আহত হন। শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস শুকুর সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।