মজুরি বেশি, তাই ধান কাটার কাজে ছুটছেন অনেকে
চলতি বোরো মৌসুমে ধান কাটার কাজের শেষ সময় চলছে। সামনে রয়েছে ঝড়-বৃষ্টির আশঙ্কা। ধান কাটার কাজে প্রয়োজন বেশি লোকের। তাই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন পেশার ব্যক্তিরা নিজের কাজ বাদ দিয়ে ধান কাটার কাজে লেগে গেছেন। শুধু নিজের উপজেলাতেই নয়, পাশের জেলা-উপজেলাগুলোতেও ছুটছেন কাজের আশায়।
গত দুদিন উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, শেষ সময়ে ঝড়-বৃষ্টির আশঙ্কায় কৃষকেরা বেশি মজুরি দিয়ে হলেও ধান কাটার কাজে লোক লাগাচ্ছেন। অনেক লোক আবার নিজ উপজেলায় ধান কাটার কাজ শেষ করে পাশের তাড়াশ উপজেলাসহ নাটোর, পাবনা জেলার বিভিন্ন এলাকায় যাচ্ছেন।
গতকাল বুধবার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় ধানগড়া ও ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০ জন শ্রমিকের সঙ্গে। তাঁরা কেউ রাজমিস্ত্রির সহকারী, কেউ ভ্যান ও রিকশার চালক অথবা তাঁতশ্রমিক।
রাজমিস্ত্রির সহকারী রেজাউল হক বলেন, হাজিরার ভিত্তিতে দৈনিক ২২০-২৫০ টাকা পেতেন নিজ পেশায়। কিন্তু এখন ধান কেটে দৈনিক মজুরি পান কমপক্ষে ৪৫০ টাকা। সঙ্গে দুপুরের খাবার। তাই তিনি অন্য কাজ বাদ দিয়ে পাশের তাড়াশ উপজেলায় যাচ্ছেন ধান কাটতে।
তাঁতশ্রমিক আবদুল মালেক বলেন, ‘সারা বছর তাঁত বুনি। কিন্তু ধান কাটার সময়ে এলাকায় ধান কেটে পরে বাইরে যাই। এতে এককালীন কিছু টাকা জমা হয়।’ ধান কাটার কাজে নিয়োজিত লোকজন বলছেন, প্রতিবছরই এই সময়ে ধান কাটার জন্য লোকের চাহিদা বাড়ে। তবে এবার একটু বেশি। কারণ, মাঠে অনেক ধান এখনো পড়ে আছে। আবহাওয়া বিরূপ হয়ে যেতে পারে। তাই কৃষকেরা ধান দ্রুত গোলায় তুলতে চাচ্ছেন।
ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান বলেন, অনেকেই বেশি আয়ের কারণে ধান কাটার মৌসুমে উপজেলার বাইরে কাজ করতে যান। এতে এলাকার লোকজনের আয় বাড়ে বলে তিনি মনে করেন।