বর্ধিত মজুরির বকেয়া টাকা, রেশনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের শ্রমিকেরা। আজ সোমবার এ বিক্ষোভের সময় তাঁরা চা-বাগানের ব্যবস্থাপকের বাংলোর প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল নয়টার দিকে বাগানের ৪০০-৫০০ শ্রমিক বাগানের কারখানার ভেতরে জড়ো হন। এ সময় বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা বাগানের ব্যবস্থাপকের বাংলোর প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে দেন। বিকেল পর্যন্ত বাংলোয় তালা ঝোলানো ছিল।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, নিউ ধামাই টি কোম্পানির মালিকানাধীন এই ধামাই চা–বাগানে ১ হাজার ৭০০ স্থায়ী শ্রমিক ও ২৪ জন কর্মচারী রয়েছেন। ২০১৪ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত শ্রমিক ও কর্মচারীদের ভবিষ্য তহবিলে কোনো টাকা জমা হয়নি। চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশিয় চা-সংসদের সম্পাদিত সর্বশেষ চুক্তি অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের এক দিনের সমপরিমাণ মজুরি (৮৫ টাকা) পাওয়ার কথা। কিন্তু গত বছর থেকে ধামাই বাগানের শ্রমিকেরা সেটি পাচ্ছেন না। নতুন চুক্তি অনুযায়ী, শ্রমিকদের মজুরি ৬৯ টাকা থেকে ৮৫ টাকায় বৃদ্ধি করা হলেও শ্রমিকেরা বর্ধিত মজুরির বকেয়া টাকা এখনো পাননি। শ্রমিকদের ১৮ সপ্তাহের রেশনও বকেয়া রয়েছে। সেই সঙ্গে শতাধিক অস্থায়ী শ্রমিকের ১৮ সপ্তাহের মজুরি বকেয়া পড়ে আছে। শ্রমিকদের জরুরি চিকিৎসার জন্য বাগানে চিকিৎসক এবং ওষুধও নেই।
ধামাই বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্রপাল বলেন, বাগানের ব্যবস্থাপক ১৩ জুলাইয়ের মধ্যে তাঁদের কিছু দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি। তাই শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাগানের বিভিন্ন সমস্যার বিষয়ে আগেই প্রশাসন ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কেউ কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে বাগানের ব্যবস্থাপক গোপাল শিকদার শ্রমিকদের দাবির ন্যায্যতা স্বীকার করেন। সন্ধ্যা ছয়টার দিকে অবরুদ্ধ অবস্থাতেই তিনি মোবাইলে প্রথম আলোকে বলেন, কোম্পানির প্রধান কার্যালয় থেকে আর্থিক সহযোগিতা না পাওয়ায় শ্রমিকদের দাবি মেটানো সম্ভব হয়নি। এ ছাড়া তাঁকে কোম্পানি চাকরিচ্যুত করেছে। এ ব্যাপারে কোম্পানির প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠি আজ সোমবার তাঁর কাছে পৌঁছেছে। মালেক নেওয়াজ নামের এক ব্যক্তিকে বাগানের ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোম্পানির ঢাকার প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক (অর্থ) ইকবাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।