মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি কমিশনের প্রস্তাবিত মজুরি স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন।কর্মবিরতি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, নির্দিষ্ট সময়ে সরকার পরিবর্তন হয়। প্রতিটি সরকারের আমলে সবার ভাগ্য কিছু না কিছু পরিবর্তন হয়। শুধু আগের জায়গায় থেকে যান শ্রমিক-কর্মচারীরা। কথা ছিল মজুরি স্কেল বাস্তবায়ন করা হবে। কিন্তু করা হচ্ছে না। মজুরি স্কেলসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করা না হলে তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন না। প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ থেকে ১ ফেব্রুয়ারি মানববন্ধন ও ১৫ ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সহসভাপতি ফরিদ উদ্দিন আহামদ, সিবিএ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি আবদুল মালেক, সাবেক সহসভাপতি সাইফুদ্দিন ফারুকী, আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন সিকদার, এমপ্লিয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক আছফার উদ্দিন প্রমুখ।