মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা সারকারখানায় মানববন্ধন
মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করেছেন। যমুনা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কারখানার প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভাষ্য, এই সার কারখানাসহ দেশের শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি স্কেল বাস্তবায়ন করা হয়নি। তবে সরকার জাতীয় বেতন স্কেল ২০১৫ সালের ১ জুলাই থেকে বাস্তবায়ন করেছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনভুক্ত (বিসিআইসি) কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি স্কেল বাস্তবায়ন করা হয়নি। শ্রমিকদের মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে আজ দেড় ঘণ্টা কাজ বন্ধ করে শ্রমিকেরা মানববন্ধন করেছেন।
মানববন্ধন শেষে কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন, মজুরি স্কেল বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, শ্রমিকেরা তাদের দাবি পূরণে কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন।