মজুরির ১০ লাখ টাকা চেয়ারম্যানের পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) অতিদরিদ্রের জন্য কর্মসৃজন প্রকল্পের শতাধিক শ্রমিকের মজুরির প্রায় সাড়ে ১০ লাখ টাকা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার ওই শ্রমিকেরা জনতা ব্যাংক তারাকান্দা শাখায় গিয়ে জানতে পারেন, তাঁদের ২০ দিনের কাজের মজুরির টাকা ইউপি চেয়ারম্যান, সদস্য ও আওয়ামী লীগের নেতারা তুলে নিয়ে গেছেন। ইউনিয়নের বাটিয়া গ্রামের ছায়েদুল ইসলাম (জব কার্ড নং-১৩১, আইডি নম্বর-৬১১৮১৩৬২৬০০৩) ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁর মজুরির টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি জানান, তাঁর বাবা আবুল হোসেনের টাকাও চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা তুলে নিয়েছেন।
মূলাবাড়ি গ্রামের কছিম উদ্দিন (৫৭) বলেন, ‘আমাকে জবকার্ড ও চেক বই কোনোটাই দেয়নি এবং টাকাও পাইনি। আমার মতো অন্যদেরও জবকার্ড বা চেক বই দেওয়া হয়নি।’
ওই ইউনিয়নের দায়িত্বে থাকা কর্মসৃজন কর্মসূচির তদারক কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকেরা ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে মিছিল করেছেন বলে ওই ইউনিয়নের একজন ইউপি সদস্য জানিয়েছেন।
গালাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের মজুরির টাকা উত্তোলন করে নিয়েছি—এ কথা ঠিক না। ভুল-বোঝাবুঝির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘আমাদের মাঝে কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ নেতাদের কার্ড বণ্টন নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। বুধবার শতাধিক শ্রমিক ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে হইহুল্লোড় করেছেন বলে অনেক লোক আমাকে জানিয়েছেন।’
তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে থাকা) শফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা কেন জবকার্ড ও চেক বই বা টাকা পেলেন না, তা আমরা খতিয়ে দেখব।’
জনতা ব্যাংকের ব্যবস্থাপক বাহারুল ইসলাম তালুকদার বলেন, ‘শতাধিক শ্রমিক ব্যাংকে এসে হইচই করেছেন। যাঁরা চেক বই নিয়ে আসেন, আমরা তাঁদের টাকা দিই। ব্যাংকে আসা শ্রমিকদের কাছে চেক বই চাইলে তাঁরা তা দিতে পারেননি। তাই তাঁদের টাকা দেওয়া সম্ভব হয়নি।’ তিনি জানান, বুধবার পর্যন্ত শ্রমিক মজুরির ব্যাংক থেকে সাড়ে ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।