মজুির বৃদ্ধির দাবিতে পারকুল চা-বাগানের শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, আবাসনসুবিধা, স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষাসহ কয়েক দফা দাবিতে গতকাল শুক্রবার হবিগঞ্জের পারকুল চা-বাগানের শ্রমিকেরা আট ঘণ্টা ধর্মঘট পালন করেন। এ সময় বাগানে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে।
চা-শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, আবাসনসুবিধা, স্বাস্থ্যসেবা ও সন্তানদের শিক্ষার ব্যবস্থা ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে চা-শ্রমিকেরা ৪ মে হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
চা-শ্রমিক ইউনিয়ন সূত্র আরও জানায়, দাবি পূরণ না হওয়ায় গতকাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাষ্ট্রীয় মালিকানাধীন পারকুল চা-বাগানের শ্রমিকেরা সকাল আটটায় কর্মসূচি শুরু করেন৷ এ কর্মসূচি টানা বিকেল চারটা পর্যন্ত চলে৷ এ সময় সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে৷
ধর্মঘট চলাকালে পারকুল চা-বাগান পঞ্চায়েত সভাপতি সুবল রাজ বল্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সুজন কর্মকার, কমল পাল।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি ১২ মে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দেশের ১৫৮টি চা-বাগানে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।