বিএনপির সহযোগী সংগঠন যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষ চেয়ার, ধারালো ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এতে ২০-২৫ জন কর্মী-সমর্থক আহত হন। সংঘর্ষের কারণে কিছুক্ষণ অতিথিদের বক্তৃতা-পর্ব বন্ধ থাকে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে যুবদলের সমাবেশ হয়।জানা গেছে, মঞ্চ ও মাঠ দখল নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, উত্তর জেলা সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাংসদ জয়নাল আবদিন ফারুক, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন। সংঘর্ষ চলাকালে কেন্দ্রীয় নেতারা মাইকে এ ঘটনার জন্য সরকারের দালালদের দায়ী করে কর্মী-সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দেন।গতকাল দলের স্থায়ী কমিটির সদস্য বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) অনুসারীরাও বেলালের পক্ষে ছিলেন। আর সভাপতি আবুল হাশেম ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী বলে পরিচিত। নগর বিএনপিতে খসরু ও নোমানের সমর্থকদের মধ্যে দুই বছর ধরে চরম বিরোধ চলছে।আমীর খসরু এ ঘটনার জন্য চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি আবুল হাশেমের অনুসারী সুমন, আমিন, টেম্পা সেলিমসহ কয়েকজনকে দায়ী করে বলেন, তাঁরা শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করতে এটা করেছেন। তাঁদের চেয়ার ও ছুরিকাঘাতে ২০ জন আহত হয়েছেন। তাঁরা সবাই যুবদলের কর্মী ও সমর্থক।নোমান দাবি করেন, ‘আবুল হাশেম কেন্দ্রীয় নেতাদের সাহায্য নিয়ে যুবদলের বিভাগীয় সমাবেশের আয়োজন করেন। কয়েক দিন ধরে এই সমাবেশ পণ্ড করার চক্রান্ত চলছে। এ কারণে মঞ্চ ও মাঠে কিছু বিশৃঙ্খল কাণ্ড ঘটানো হয়েছে। ওঁরা কারা? তাঁদের চিহ্নিত করতে রাজনৈতিক তদন্ত হওয়া উচিত।’ দলীয় সূত্র জানায়, সকাল থেকে মাঠ ও মঞ্চে আবুল হাশেম ও তাঁর অনুসারীরা অবস্থান নেন। বিকেলে সমাবেশ শুরু হলে সাকা চৌধুরীর অনুসারীরা মঞ্চ ও মাঠে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। বিকেল চারটার দিকে সাকার কয়েকজন অনুসারীর হাতে হাশেমের সমর্থকেরা লাঞ্ছিত হলে সংঘর্ষ বেধে যায়। এরপর তা পুরো মাঠে ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে সাকার দুই অনুসারীর কাছে ধারালো অস্ত্র দেখা গেছে। সমাবেশ শুরুর পর তাঁর অনুসারী কয়েকজন হাশেমের লোকজনকে মঞ্চে মারধর শুরু করেন। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। এক পক্ষ অন্য পক্ষকে চেয়ার ছুড়ে মারে। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলে পড়ে। একপর্যায়ে হাশেমের লোকজন সাকার অনুসারীদের ধাওয়া করে মঞ্চ ও মাঠ থেকে বের করে দেয়।সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে হাসান, আলাউদ্দিন, আজগর, ইয়াসিন, সাজ্জাদ, ওয়াসিম, মিঠু, আবদুল্লাহ, টিটু ও জনিকে লালদীঘি মাঠের পাশে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যরা নগরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা নেন।যুবদলের নগর কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা ইউনিটের নেতা-কর্মীরা জড়ো হন।সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, এ সরকার ঘরে ঘরে চাকরি এবং ১০ টাকা কেজি দরে চাল খাবারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। দুই বছরে তারা কিছুই করতে পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশের মানুষকে সর্বস্বান্ত করেছে তারা। নোমান, আমীর খসরু, মীর নাছির সরকারের কঠোর সমালোচনা করে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করার দাবি জানান।সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। তিনি বলেন, যে সরকার শহীদ জিয়ার বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছে, সেই সংসদে বিএনপি যাবে না।