বাংলার চিরায়ত লোকসংস্কৃতি তুলে ধরতে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনের লোকসংস্কৃতি উৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের ডিসি হিলে উৎসবের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, লোকসংস্কৃতির চর্চা এখন শহর ও মঞ্চকেন্দ্রিক হয়ে পড়েছে। দেশের আনাচকানাচে যেসব প্রকৃত লোকশিল্পীরা রয়েছেন, তাঁদের আগের মতো কদর নেই, লোকসংস্কৃতিকে উপজীব্য করে তাঁরা জীবিকা নির্বাহ করতে পারছেন না। যান্ত্রিক জীবনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জৌলুশ বেড়েছে কিন্তু মানুষের মধ্যে মমতা, ভালোবাসা, আন্তরিকতা কমে যাচ্ছে।
ষষ্ঠবারের মতো চট্টগ্রামে এই উৎসবের আয়োজন করেছে সমাজ সমীক্ষা সংঘ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক, কবি-সাংবাদিক আবুল মোমেন। আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর এ এফ কবির আহমেদ, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিকভাবে সব মানুষের মধ্যেই সুরের, রঙের চাহিদা থাকে। কিন্তু শৈশব থেকেই জীবনযাপন ও শিক্ষাপদ্ধতির কারণে ব্যক্তির মধ্যে সেসব চাহিদার মৃত্যু ঘটে। লোকসংস্কৃতির উৎসব সত্যিকারভাবে মানুষ হয়ে ওঠার পেছনে প্রেরণা ও উদ্দীপনা জোগাবে।
এবারের উৎসবে ড. রশীদ আল ফারুকী পদক দিয়ে সম্মান জানানো হয় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে পদক নেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে লোকনৃত্য পরিবেশন করে ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্টের সদস্যরা। গান শোনান সঞ্জয় রায়, সৈয়দ মানিক ও তাঁর দল। গানের দল লোকরঙ পরিবেশন করে লোকগান। সবশেষে বাউল গান শোনান কুষ্টিয়ার টুনটুন বাউল।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে ডিসি হিলে এসে শোভাযাত্রাটি শেষ হয়। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। চট্টগ্রাম, নোয়াখালী, সিলেটের আঞ্চলিক গানের পাশাপাশি সমাপনী আয়োজনে থাকছে গানের দল জলের গানের পরিবেশনা। এ ছাড়াও থাকবে আরিয়ান রাখাইন শিল্পীগোষ্ঠীর নৃত্য।